তাজা খবর
বিজ্ঞাপন

জামায়াতের সঙ্গে জোট, নাহিদ ইসলামকে ১৭০ নেতার চিঠি

খবর টিভি ডেস্ক ৮৮ দিন আগে | ০৭:৪৫ PM

জামায়াতের সঙ্গে জোটের পক্ষে এনসিপির ১৭০ নেতার চিঠি

আহ্বায়ক নাহিদ ইসলামের সিদ্ধান্তে আস্থার ঘোষণা

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সঙ্গে নির্বাচনী জোট বা সমঝোতার সিদ্ধান্তকে সমর্থন জানিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের কাছে চিঠি দিয়েছেন দলটির অন্তত ১৭০ জন কেন্দ্রীয় নেতা। এর মাধ্যমে দলের ভেতরে চলমান জোটবিরোধী অবস্থানের বিপরীতে জোটপন্থী নেতারা সংগঠিতভাবে নিজেদের অবস্থান স্পষ্ট করলেন।

এর আগে জামায়াতের সঙ্গে জোট গঠনে আপত্তি জানিয়ে ৩০ জন নেতার একটি চিঠিকে কেন্দ্র করে এনসিপির অভ্যন্তরে প্রকাশ্যে মতবিরোধ দেখা দেয়। সেই প্রেক্ষাপটে শনিবার (২৮ ডিসেম্বর) রাতে আহ্বায়কের কাছে পাঠানো এই চিঠিকে পাল্টা ও গুরুত্বপূর্ণ রাজনৈতিক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

চিঠিতে জোটপন্থী নেতারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাস্তবতার আলোকে কৌশলগত সিদ্ধান্ত গ্রহণের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, জোটের পক্ষে স্বাক্ষরকারীর সংখ্যা ১৭০ ছাড়িয়ে যেতে পারে।

চিঠিতে এনসিপির কেন্দ্রীয় পর্যায়ের দায়িত্বশীল নেতারা বলেন, “দলীয় আদর্শ, লক্ষ্য ও ভবিষ্যৎ কৌশলগত অবস্থান সমুন্নত রাখার স্বার্থে আমরা এই মতামত পেশ করছি। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের গণতান্ত্রিক ব্যবস্থা পুনর্গঠন, প্রাতিষ্ঠানিক সংস্কারকে টেকসই করা এবং একটি জনমুখী ও দায়বদ্ধ রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার জন্য রাজনৈতিকভাবে সময়োপযোগী ও কৌশলগত সিদ্ধান্ত গ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

বিজ্ঞাপন

নেতারা আরও উল্লেখ করেন, দলীয় ও জাতীয় স্বার্থে এবং গণতান্ত্রিক রূপান্তরের বৃহত্তর লক্ষ্য সামনে রেখে এনসিপি যদি কোনো রাজনৈতিক দল বা জোটের সঙ্গে নির্বাচনী সমঝোতা বা জোট গঠনের সিদ্ধান্ত নেয়, তবে সে সিদ্ধান্তের প্রতি তাঁদের পূর্ণ সমর্থন ও সম্মতি রয়েছে।

চিঠিতে স্পষ্ট করে বলা হয়, নির্বাহী কাউন্সিলের সুপারিশের আলোকে আহ্বায়ক ও সদস্যসচিব কর্তৃক গৃহীত যেকোনো জোট বা নির্বাচনী সমঝোতা সংক্রান্ত সিদ্ধান্তের প্রতি তাঁদের পূর্ণ আস্থা রয়েছে।

নেতারা আশা প্রকাশ করেন, আহ্বায়ক নাহিদ ইসলামের দূরদর্শী নেতৃত্ব ও রাজনৈতিক প্রজ্ঞার মাধ্যমে এনসিপি একটি সময়োপযোগী ও ঐক্যবদ্ধ সিদ্ধান্তে উপনীত হবে, যা দলকে সাংগঠনিকভাবে আরও শক্তিশালী করার পাশাপাশি জনগণের আস্থা সুদৃঢ় করবে।

বিজ্ঞাপন

চিঠিতে স্বাক্ষরকারী নেতাদের মধ্যে রয়েছেন—এনসিপির কেন্দ্রীয় নেতা আরিফুল ইসলাম আদীব, সারোয়ার তুষার, ড. আতিক মুজাহিদ, জাভেদ রাসীন, আরিফুর রহমান তুহিন, সাইফুল্লাহ হায়দার, আতাউল্লাহ, মাহমুদা মিতু, মাহিন সরকার, এহতেশাম হক, আশিকিন আলম, ডা. আবদুল আহাদ, সুলতান মুহাম্মদ জাকারিয়া, আলী নাসের খান, আলাউদ্দিন মোহাম্মদ, দিলশানা পারুল, মাহবুব আলম, হাফসা জাহান, ফয়সাল মাহমুদ শান্ত, জুবায়রুল হাসান আরিফ, ব্যারিস্টার নুরুল হুদা জুনায়েদ, কৈলাশ চন্দ্র রবিদাসসহ আরও অনেক কেন্দ্রীয় নেতা।

বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ