কিশোরগঞ্জে লিফটে আটকে পড়া বরসহ ১০ বরযাত্রী, দেয়াল ভেঙে উদ্ধার
তারিখ: ০৯.০১.২০২৫
সাব্বির হোসেন | কিশোরগঞ্জ প্রতিনিধি
কিশোরগঞ্জ জেলা শহরের একটি আবাসিক হোটেলের লিফটে বরসহ ১০ জন বরযাত্রী আটকে পড়ার ঘটনা ঘটেছে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা হোটেলের একটি দেয়াল ভেঙে তাদের সবাইকে নিরাপদে উদ্ধার করেন।

শুক্রবার (৯ জানুয়ারি) বিকাল পৌনে ৩টার দিকে জেলা শহরের স্টেশন রোড এলাকার খান টাওয়ারে অবস্থিত হোটেল শেরাটনে এ ঘটনা ঘটে। হোটেলটির চারতলা থেকে দোতলায় নামার সময় ছয়জন ধারণক্ষমতার একটি লিফটে অতিরিক্তভাবে ১০ জন ওঠেন। অতিরিক্ত ওজনের কারণে লিফটটি স্বয়ংক্রিয়ভাবে নিচে নেমে গিয়ে আটকে পড়ে। এতে বরসহ ১০ জন বরযাত্রী লিফটের ভেতরে আটকা পড়েন।
খবর পেয়ে কিশোরগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। প্রায় এক ঘণ্টার প্রচেষ্টায় বিকাল ৪টার দিকে হোটেলের নিচতলার একটি দেয়াল ভেঙে লিফটে আটকে পড়া সবাইকে নিরাপদে উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া ব্যক্তিরা হলেন— মোনতাছির (২৫), ইয়াহিয়া তানভীর (২০), এমদাদ (৪০), হুমায়ুন কবির (৩০), আতিকুর রহমান (৪০), মিনহাজ ইবনে ফারুক (৩০), জোনায়েদ তারেক (৩৫), রাইছুস সালেহীন (৩৫), রেজওয়ানুল হক (৩৯) ও জারিফ (৩২)। তাঁদের মধ্যে বর হলেন জোনায়েদ তারেক। সবাই চট্টগ্রামের আনোয়ারা উপজেলার তেকোটা গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।
হোটেল কর্তৃপক্ষ জানায়, বৃহস্পতিবার দুপুরে বরপক্ষের লোকজন বরসহ কিশোরগঞ্জ শহরের হোটেল শেরাটনে রাত্রিযাপন করেন। শুক্রবার জুমার নামাজের পর শহরের পুরান থানায় অবস্থিত ঐতিহাসিক শহীদি মসজিদে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। এরপর অন্য একটি রেস্টুরেন্টে মধ্যাহ্নভোজের আয়োজন থাকায় তারা হোটেলে ফিরে আসেন। মধ্যাহ্নভোজে যাওয়ার উদ্দেশ্যে চারতলা থেকে দোতলায় নামার সময় লিফটটিতে অতিরিক্ত মানুষ ওঠায় এ দুর্ঘটনা ঘটে।
হোটেল শেরাটনের চেয়ারম্যান জিয়া উদ্দিন খান বলেন, “লিফটে কোনো যান্ত্রিক ত্রুটি ছিল না। ধারণক্ষমতার বেশি মানুষ ওঠার কারণেই লিফটটি স্বয়ংক্রিয়ভাবে নিচে নেমে গিয়ে আটকে পড়ে। আধুনিক প্রযুক্তির লিফট হওয়ায় বড় কোনো দুর্ঘটনা ঘটেনি এবং কেউ আহত হননি।”
কিশোরগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লিডার আমিনুর রহমান জানান, “খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের একটি দল ঘটনাস্থলে পৌঁছে নিরাপদভাবে লিফটে আটকে পড়া ১০ জনকে উদ্ধার করে।”