আসনভিত্তিক সমঝোতা হতে পারে: জিএম কাদের
রংপুর, প্রতিনিধি |
জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, বিএনপি ও জাতীয় পার্টির প্রার্থীরা উভয়েই ইতোমধ্যে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। একবার মনোনয়নপত্র জমা দেওয়া হলে জোট করার আর কোনো সুযোগ থাকে না। তবে প্রয়োজন হলে আসনভিত্তিক সমঝোতা হতে পারে।
রোববার (২৮ ডিসেম্বর) রাতে রংপুর নগরীর স্কাইভিউ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।
জিএম কাদের বলেন,
“যেখানে আমাদের প্রার্থী দুর্বল, সেখানে বিএনপির প্রার্থীকে সমর্থন দেওয়া যেতে পারে। আবার যেখানে জাতীয় পার্টির শক্তিশালী প্রার্থী রয়েছে, সেখানে বিএনপি যদি সমর্থন দেয় এবং উভয় দলের প্রার্থীরা জয়ী হন, তাহলে এমন সমঝোতা নিয়ে আলোচনা হতে পারে।”
তিনি আরও বলেন, এই ধরনের সমঝোতা তখনই সম্ভব হবে, যদি উভয় পক্ষ তা চায় এবং জাতীয় পার্টি সেটিকে নিজেদের জন্য সুবিধাজনক মনে করে। তবে এ বিষয়ে বিএনপির সঙ্গে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক আলোচনা হয়নি বলে জানান তিনি।
নির্বাচনের পরিবেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করে জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন,
“দেশে নির্বাচনের পরিবেশ অত্যন্ত খারাপ। এখন পর্যন্ত ভালো নির্বাচন হওয়ার কোনো সম্ভাবনা দেখছি না। আমরা বৈষম্যের শিকার হচ্ছি।”
তিনি অভিযোগ করেন, জাতীয় পার্টির তিনজন সংসদ সদস্য প্রার্থী বর্তমানে কারাগারে রয়েছেন। তারা জামিনে মুক্তি পেলেও আবার জুলাই মাসের একটি মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান মোস্তাফিজার রহমান মোস্তফা, প্রেসিডিয়াম সদস্য এস এম ইয়াসির, ভাইস চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, জেলা জাতীয় পার্টির আহ্বায়ক আজমল হোসেন লেবুসহ দলটির অন্যান্য নেতৃবৃন্দ।