সাংবাদিকের বাসায় দুঃসাহসিক চুরি, স্বর্ণালংকার ও নগদ অর্থ লুট
সফিকুল ইসলাম রানা,মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধি:
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় এক সাংবাদিকের ভাড়া বাসায় দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। এতে নগদ অর্থসহ বিপুল পরিমাণ স্বর্ণালংকার খোয়া গেছে।

ছবি: ফিকুল ইসলাম, মতলব উত্তর প্রতিনিধি
চাঁদপুরের মতলব উত্তর প্রেসক্লাবের দপ্তর ও প্রচার সম্পাদক সাংবাদিক সফিকুল ইসলাম রানা (৪৭)-এর ভাড়া বাসায় মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকাল আনুমানিক ১০টা ৪০ মিনিট থেকে ১১টার মধ্যে এ চুরির ঘটনা ঘটে।

ছবি: ফিকুল ইসলাম, মতলব উত্তর প্রতিনিধি
ভুক্তভোগী সাংবাদিক জানান, পেশাগত কাজে তিনি বাসার বাইরে ছিলেন। এ সময় তার স্ত্রী বাসার সাধারণ লক দিয়ে নিচে নামলে অজ্ঞাতনামা চোর বা চোরেরা ছেংগারচর পৌর ভবন সংলগ্ন মিন্টু ভবনের ৪র্থ তলার দক্ষিণ পাশের ফ্ল্যাটে প্রবেশ করে।
চোরেরা বাসায় থাকা একটি স্টিলের আলমারির তালা ভেঙে নগদ ৩৯ হাজার টাকা এবং কাঠের ওয়ারড্রোবের ড্রয়ার ভেঙে ৫ ভরি ৮ আনা ওজনের স্বর্ণালংকার চুরি করে নিয়ে যায়। চুরি হওয়া স্বর্ণালংকারের আনুমানিক বাজারমূল্য প্রায় ১০ লাখ ৮০ হাজার টাকা। সব মিলিয়ে চোরাই মালামালের মোট মূল্য প্রায় ১১ লাখ ১৯ হাজার টাকা বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
বাসায় ফিরে সাংবাদিকের স্ত্রী ঘরের আসবাবপত্র এলোমেলো অবস্থায় দেখে চিৎকার দিলে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন। পরে সংবাদ পেয়ে সাংবাদিক সফিকুল ইসলাম রানা দ্রুত বাসায় ফিরে এসে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের বিষয়টি অবহিত করেন।
সাংবাদিক সফিকুল ইসলাম রানা বলেন,
“আমি পেশাগত কাজে বাইরে থাকায় এই সুযোগে চোরেরা আমার বাসায় ঢুকে পরিবারের কষ্টার্জিত টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে। এতে আমরা মানসিকভাবে বিপর্যস্ত। দ্রুত তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনার জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি।”
ঘটনার পর স্থানীয়রা জানান, ছেংগারচর এলাকায় সম্প্রতি চুরি ও ছিনতাইয়ের ঘটনা বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক সৃষ্টি হয়েছে।
খবর পেয়ে মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কামরুল হাসান ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি বলেন,
“চুরির ঘটনায় একটি লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ সর্বোচ্চ চেষ্টা চালাবে।”
উল্লেখ্য, এর আগেও একই উপজেলায় সাংবাদিকদের বাড়িতে চুরির ঘটনা ঘটে। গত ৩০ ডিসেম্বর দৈনিক সংবাদ সারাবেলা পত্রিকার মতলব প্রতিনিধি ও মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক তুহিন ফয়েজ-এর বাড়িতে চুরির ঘটনা ঘটে। তিনি সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ঢাকায় গেলে চোরেরা তার বাড়ির তালা ভেঙে একটি ক্যামেরা, নগদ অর্থ ও গুরুত্বপূর্ণ কাগজপত্র চুরি করে নিয়ে যায়।
পরপর দুই সাংবাদিকের বাড়িতে চুরির ঘটনায় স্থানীয় সাংবাদিক সমাজ ও এলাকাবাসীর মধ্যে চরম উদ্বেগ ও নিরাপত্তাহীনতা দেখা দিয়েছে।