তাজা খবর
বিজ্ঞাপন

বিজয় দিবসে শহীদ পরিবারের দোয়া নিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন ইসরাত জাহান বিন্দু।

খবর টিভি ডেস্ক ৯৮ দিন আগে | ১১:২৪ PM
মহান স্বাধীনতার চেতনা বুকে ধারণ করে শহীদ পরিবারের দোয়া গ্রহণের মধ্য দিয়ে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন চাঁদপুর–২ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ইসরাত জাহান বিন্দু। মহান বিজয় দিবস উপলক্ষে মতলব দক্ষিণ উপজেলায় আয়োজিত বিজয় কুচকাওয়াজে অংশগ্রহণের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু করেন তিনি। কুচকাওয়াজ চলাকালে তিনি এলাকার সুশীল সমাজের বিশিষ্টজন, রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং গণমাধ্যমকর্মীদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ মতবিনিময় করেন। এ সময় তিনি মহান মুক্তিযুদ্ধের ইতিহাস ও বিজয়ের তাৎপর্য তুলে ধরে দেশ গঠনে সকল শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। পরবর্তীতে ইসরাত জাহান বিন্দু তার বিদ্যাপীঠ মতলব ডিগ্রি কলেজে সৌজন্য সাক্ষাৎ করেন। সেখানে কলেজের অধ্যক্ষ ও শিক্ষকদের সঙ্গে সাক্ষাৎ করে তিনি নিজের শৈশব-স্মৃতি ও শিক্ষাজীবনের কথা স্মরণ করেন। এ সময় তিনি শিক্ষকদের কাছ থেকে দোয়া ও অনুপ্রেরণা গ্রহণ করেন এবং শিক্ষার মানোন্নয়নে ভবিষ্যতে কার্যকর ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন। দিনের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে তিনি ২০২৪ এর ৩৬ এ জুলাই  শহীদ আব্দুর রহমান ও শহীদ রাব্বি আলমের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন। জুলাই আন্দোলনে আত্মোৎসর্গকারী এই বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে তিনি শহীদ পরিবারের সদস্যদের খোঁজখবর নেন এবং তাদের কাছে দোয়া প্রার্থনা করেন। তিনি বলেন, শহীদদের ত্যাগের বিনিময়েই আজকের স্বাধীন বাংলাদেশ, তাদের ঋণ কোনোদিন শোধ হবার নয়। ইসরাত জাহান বিন্দু আরও বলেন, মহান মুক্তিযুদ্ধের আদর্শ , স্বাধীনতার চেতনা ও ২০২৪ এর ৩৬ জুলাই এর স্প্রীরিট বুকে ধারণ করেই তিনি চাঁদপুর–২ আসনের জনগণের কল্যাণে কাজ করতে চান। জনগণের ভালোবাসা ও শহীদ পরিবারের দোয়াকে পাথেয় করে তিনি আগামীর সমৃদ্ধ ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে নির্বাচনী মাঠে থাকার অঙ্গীকার করেন।
এ সময় স্থানীয় জনগণ ব্যক্তিবর্গ, দলীয় নেতাকর্মী, গনমাধ্যম ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ