১৬ জুলাই শহীদ আবু সাঈদ শহীদ দিবস আজ: সাহস, আত্মত্যাগ ও গণঅভ্যুত্থানের প্রেরণাকে স্মরণ করছে দেশ।
বিস্তারিত: ড্যাস্ক রিপোর্ট।
আজ ১৬ জুলাই, শহীদ আবু সাঈদ শহীদ দিবস। দিনটি উপলক্ষে সারা দেশে গভীর শ্রদ্ধা, শোক ও মর্যাদার সঙ্গে স্মরণ করা হচ্ছে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী শহীদ আবু সাঈদকে, যার মৃত্যু ২০২৪ সালের আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ মোড় তৈরি করেছিল। সরকারিভাবে ১৬ জুলাই “জুলাই শহীদ দিবস” হিসেবে পালিত হচ্ছে, যেখানে আবু সাঈদসহ ওই দিনের অন্যান্য শহীদদের প্রতিও শ্রদ্ধা জানানো হচ্ছে।
২০২৪ সালের ১৬ জুলাই রংপুরে চলমান আন্দোলনের সময় পুলিশের গুলিতে নিহত হন আবু সাঈদ। তার মৃত্যুর দৃশ্য দেশজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে এবং আন্দোলন নতুন গতি পায়। পরবর্তী সময়ে এ ঘটনাকে কেন্দ্র করে আন্দোলন আরও বিস্তৃত হয় এবং তা জাতীয় পর্যায়ে গণঅভ্যুত্থানে রূপ নেয়।
দিবসটি উপলক্ষে রাষ্ট্রীয় ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে শহীদদের স্মরণে দোয়া, আলোচনা সভা, পুষ্পস্তবক অর্পণ এবং বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী পৃথক বাণীতে জুলাই আন্দোলনের শহীদদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং বৈষম্যহীন, গণতান্ত্রিক ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গঠনের প্রত্যয় ব্যক্ত করেছেন।
শহীদ আবু সাঈদের আত্মত্যাগ আজও সাহস, ন্যায়বিচার এবং গণতান্ত্রিক অধিকারের সংগ্রামের প্রতীক হিসেবে বিবেচিত হচ্ছে। দিবসটি শুধু একজন শহীদের স্মরণ নয়, বরং দেশের ইতিহাসে আত্মত্যাগ ও গণআকাঙ্ক্ষার একটি গুরুত্বপূর্ণ অধ্যায়কে নতুন প্রজন্মের সামনে তুলে ধরারও একটি উপলক্ষ।