মুন্সীগঞ্জ প্রতিনিধি:
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার বেতকা দ্বিপাড়া এলাকার নিখোঁজ তরুণী রেদওয়ানা আক্তার (১৮) হত-্যার শিকার হয়েছেন এবং ঢাকার শাহবাগে উদ্ধার হওয়া অজ্ঞাতনামা মর-দেহটি তার—সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন খবরের কোনো সত্যতা পাওয়া যায়নি।
বিক্রমপুর টাইমসের টঙ্গীবাড়ী প্রতিনিধি জুবায়েদ খান অর্পি ও সদস্য মিনহাজ রেদওয়ানার পরিবারের সঙ্গে যোগাযোগ করে তাদের নিয়ে শাহবাগ থানায় যান। সেখানে ঢাকার শাহবাগে উদ্ধার হওয়া অজ্ঞাতনামা মর-দেহটি দেখে পরিবারের সদস্যরা নিশ্চিত করেন, মর-দেহটি রেদওয়ানা আক্তারের নয়।
শাহবাগ থানা পুলিশ সূত্রে জানা যায়, গত ১২ আগস্ট ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সামনে আনুমানিক ১৫ বছর বয়সী এক অজ্ঞাতনামা কিশোরীকে মৃত অবস্থায় নিয়ে আসা হয়। এখন পর্যন্ত তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। এ ঘটনায় ১৩ আগস্ট শাহবাগ থানায় একটি অপমৃত-্যু মামলা করা হয়েছে। মামলার নম্বর ১৬৮।
এদিকে রেদওয়ানার পরিবারের দাবি, গত ১৩ আগস্ট সকাল ৯টার দিকে রেদওয়ানা তার মায়ের সঙ্গে দেখা করতে বেতকা চৌরাস্তায় আসেন। পরে দুপুর ১২টার দিকে তার স্বামী রায়হান একটি মিশুক নিয়ে সেখানে এসে তাকে সঙ্গে করে নিয়ে যান। এরপর থেকে রেদওয়ানা ও তার স্বামীর কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না।
নিখোঁজ রেদওয়ানা ও তার স্বামীর সন্ধান এবং প্রকৃত ঘটনা উদঘাটনে আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা কামনা করেছে পরিবার।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে যাচাই-বাছাই ছাড়া রেদওয়ানাকে নিয়ে হত-্যার খবর ছড়িয়ে না দেওয়ার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা। প্রকৃত ঘটনা উদঘাটনে আইনশৃঙ্খলা বাহিনীর তদন্তের ওপর আস্থা রাখার অনুরোধ করা হয়েছে।