মুন্সীগঞ্জে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় তাদের কাছ থেকে চুরি হওয়া ও চোরাই সন্দেহে মোট পাঁচটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। একই অভিযানে লৌহজং উপজেলার গোয়ালীমান্দ্রা এলাকা থেকে ১ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ২ কেজি গাঁজাও উদ্ধার করা হয়।
সোমবার (১৩ জুলাই) মুন্সীগঞ্জ জেলা পুলিশের মিডিয়া সেল থেকে পাঠানো এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।
পুলিশ জানায়, শরীয়তপুরের জাজিরা উপজেলার বাসিন্দা মো. সজিবের একটি কালো রঙের SUZUKI 250cc SF FI ABS 605 মোটরসাইকেল গত ৯ জুলাই বিকেলে পদ্মা সেতু (উত্তর) থানার পশ্চিম কুমারভোগ এলাকার নুরানী জামে মসজিদের সামনে থেকে চুরি হয়। এ ঘটনায় অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে জেলা গোয়েন্দা পুলিশ।
পুলিশ সুপার মো. মেনহাজুল আলম পিপিএমের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. কামরান হোসেনের তত্ত্বাবধানে এবং জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জের নিবিড় তত্ত্বাবধানে পুলিশ পরিদর্শক (নিঃ) অর্জুন দাসের নেতৃত্বে একটি বিশেষ টিম অভিযান পরিচালনা করে।
অভিযানে গত ১২ জুলাই দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নারায়ণগঞ্জ সদর উপজেলার নিতাইগঞ্জ বাপ্পী চত্বর এলাকা থেকে মো. সুমন (২৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তার হেফাজত থেকে বাদীর চুরি যাওয়া মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।
পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার বেতকা বাজার এলাকা থেকে হৃদয় দেওয়ান (৩০)-কে গ্রেপ্তার করে একটি রেজিস্ট্রেশনবিহীন ডিসকভার ১২৫ সিসি মোটরসাইকেল জব্দ করা হয়। এরপর হৃদয়ের তথ্য অনুযায়ী আমতলী এলাকা থেকে সজীব পাইক (২৪)-কে গ্রেপ্তার করে একটি Hunk 150cc মোটরসাইকেল উদ্ধার করা হয়।
একই ধারাবাহিক অভিযানে লৌহজং উপজেলার গোয়ালীমান্দ্রা এলাকার একটি দর্জি দোকানের পেছন থেকে আরও দুটি পুরোনো পালসার ১৫০ সিসি মোটরসাইকেল উদ্ধার করা হয়। মোটরসাইকেল দুটির ইঞ্জিন ও চেসিস নম্বর ঘষামাজা করা ছিল। উদ্ধার হওয়া মোটরসাইকেলগুলোর প্রকৃত মালিক শনাক্তে কাজ চলছে বলে জানিয়েছে পুলিশ।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা দীর্ঘদিন ধরে মুন্সীগঞ্জসহ আশপাশের বিভিন্ন জেলায় সংঘবদ্ধভাবে মোটরসাইকেল চুরি করে নাম্বার প্লেট ও বিভিন্ন যন্ত্রাংশ পরিবর্তনের মাধ্যমে বিক্রি করার কথা স্বীকার করেছে বলে জানায় পুলিশ।
অভিযানে উদ্ধার করা পাঁচটি মোটরসাইকেলের মধ্যে রয়েছে একটি সুজুকি ২৫০ সিসি, একটি ডিসকভার ১২৫ সিসি, একটি হাঙ্ক ১৫০ সিসি এবং দুটি পালসার ১৫০ সিসি মোটরসাইকেল।
এদিকে একই অভিযানের সময় লৌহজং উপজেলার গোয়ালীমান্দ্রা এলাকার একটি দর্জি দোকান থেকে ১ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় আলাল ওরফে আলা উদ্দিন নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় প্রচলিত আইনে মামলা দায়ের করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে মুন্সীগঞ্জ জেলা পুলিশ।