গণভোটের গণরায় ও জুলাই সনদ বাস্তবায়ন না করলে বর্তমান সরকার ৫ বছরের মেয়াদ পূর্ণ করতে পারবে না।
সিলেট থেকে বদরুর রহমান বাবর এর তথ্য চিত্রে বিস্তারিত :
গণভোটের রায় বাস্তবায়ন এবং জুলাই সনদের আলোকে রাষ্ট্রীয় সংস্কারের দাবিতে সিলেটে ১১ দলীয় জোটের বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সমাবেশে বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, গণভোটের গণরায় ও জুলাই সনদ বাস্তবায়ন না করলে বর্তমান সরকার ৫ বছরের মেয়াদ পূর্ণ করতে পারবে না।
শনিবার (২৫ জুলাই) দুপুর দেড়টায় সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা ময়দানে আয়োজিত এই সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
তিনি বলেন, দেশে আর কোনো ধরনের ফ্যাসিবাদ প্রতিষ্ঠা হতে দেওয়া হবে না। তার অভিযোগ, বর্তমান সরকারও ফ্যাসিবাদী আওয়ামী লীগের পথ অনুসরণ করছে এবং বিভিন্ন ক্ষেত্রে দলীয়করণ ও দুর্নীতিকে প্রশ্রয় দিচ্ছে।
তিনি বলেন, হাসিনাকে তাড়িয়েছি। যদি আবার ফ্যাসিবাদ কায়েমের চেষ্টা করা হয়, জনগণ আপনাদেরও ক্ষমতা থেকে সরিয়ে দেবে। আমরা আমাদের শহীদ, জুলাইযোদ্ধা ও আহত পরিবারের সঙ্গে কোনো বেইমানি করব না।
তিনি আরও বলেন, দেশের মানুষ আন্দোলনের মাধ্যমে অধিকার আদায় করতে শিখেছে। প্রয়োজনে জীবন দিয়ে হলেও আমরা আমাদের অঙ্গীকার রক্ষা করব।
কর্মীদের উদ্দেশে তিনি বলেন, দেশ থেকে ফ্যাসিবাদ, চাঁদাবাজি, দুর্নীতি ও চরিত্রহীন রাজনীতির অবসান না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। মুক্তির লক্ষ্যে পৌঁছানো পর্যন্ত আমরা থামব না।
ডা. শফিকুর রহমান সিলেট ওসমানী বিমানবন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দরে রূপান্তর, ঢাকা-সিলেট মহাসড়কের কাজ দ্রুত সম্পন্ন করে জনদুর্ভোগ লাঘব, স্থানীয় ইঞ্জিনিয়ারিং কলেজকে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে উন্নীতকরণ এবং সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের গতিশীলতা ফিরিয়ে আনার জোর দাবি জানান।
তিনি অঙ্গীকার করেন, ভবিষ্যতে দেশ পরিচালনার সুযোগ পেলে এই ১১ দলীয় জোট অগ্রাধিকার ভিত্তিতে সিলেটের এসব দাবি বাস্তবায়ন করবে।
লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ড. কর্নেল (অব.) অলি আহমদের (বীর বিক্রম) সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন ১১দলীয় জোটের শীর্ষ নেতা এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক, নেজামে ইসলাম পার্টির ভারপ্রাপ্ত আমীর আল্লামা আবদুল কাইয়ুম সুবহানী, বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমীর মাওলানা হাবিবুল্লাহ মিয়াজি, আমার বাংলাদেশ পার্টির ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, জাতীয় গণতান্ত্রিক পার্টির সহ-সভাপতি ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির চেয়ারম্যান অ্যাড. এ কে এম আনোয়ারুল ইসলাম চান।
এ ছাড়াও সমাবেশে সিলেট জেলা ও মহানগর জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় ও ১১ দলীয় ঐক্যের শরিক দলের স্থানীয় শীর্ষ নেতারা বক্তব্য দেন।