তাজা খবর
বিজ্ঞাপন

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন এনসিপির শীর্ষ নেত্রী

খবর টিভি ডেস্ক ৮৮ দিন আগে | ০৮:১৫ PM

ত্রয়োদশ জাতীয় নির্বাচন থেকে সরে দাঁড়ালেন এনসিপির মনোনীত প্রার্থী মনিরা শারমিন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মনোনীত প্রার্থী মনিরা শারমিন। তিনি নওগাঁ-৫ (সদর) আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন।

রোববার (২৮ ডিসেম্বর) সন্ধ্যা ৫টা ৪৫ মিনিটে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক দীর্ঘ পোস্টে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন তিনি। পোস্টে মনিরা শারমিন উল্লেখ করেন, দলের অবস্থান পরিবর্তনের কারণেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।

ফেসবুক পোস্টে তিনি লেখেন, নতুন রাজনৈতিক বন্দোবস্তের আকাঙ্ক্ষা থেকে গড়ে ওঠা জাতীয় নাগরিক পার্টি গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে মধ্যপন্থি রাজনীতির একটি ভরসাস্থল ছিল। এনসিপির পক্ষ থেকে ত্রয়োদশ জাতীয় নির্বাচনে নওগাঁ-৫ আসনে তিনি মনোনীত প্রার্থী ছিলেন। তবে মনোনয়ন পাওয়ার আগে তিনি জানতেন না যে দলটি জামায়াতে ইসলামীর সঙ্গে ৩০টি আসনে সমঝোতায় যাচ্ছে। তার ধারণা ছিল, দলটি ৩০০ আসনেই এককভাবে নির্বাচন করবে।

তিনি আরও লেখেন, যেহেতু দলের অবস্থান এখন পরিবর্তিত হয়েছে, তাই তিনি নির্বাচন থেকে নিজেকে প্রত্যাহার করে নিচ্ছেন এবং নির্বাচনে অংশ নিচ্ছেন না। এনসিপির স্বতন্ত্র শক্তিতে তিনি বিশ্বাস করেন বলেও উল্লেখ করেন মনিরা শারমিন। তার ভাষায়, দলের প্রতি কমিটমেন্ট ভাঙেননি তিনি, তবে এই মুহূর্তে দলের চেয়ে গণঅভ্যুত্থান এবং দেশের মানুষের প্রতি দায়বদ্ধতাই তার কাছে বেশি গুরুত্বপূর্ণ।

বিজ্ঞাপন

পোস্টে মনিরা শারমিন আরও বলেন, তিনি দল থেকে পদত্যাগের কোনো সিদ্ধান্ত নেননি। এনসিপি কারও একার সম্পত্তি নয়। তিনি আজ পর্যন্ত এমন কিছু বলেননি বা করেননি যাতে দল বিতর্কিত হয়। তবে নিজের নৈতিকতা বিক্রি করে রাজনীতি করতে কিংবা ক্ষমতার জন্য আপস করতে তিনি রাজি নন বলেও স্পষ্ট করেন।

এ বিষয়ে মন্তব্য জানতে মনিরা শারমিনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।

তবে বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন এনসিপির নওগাঁ জেলা শাখার যুগ্ম আহ্বায়ক দেওয়ান মাহবুব আল হাসান সোহাগ। তিনি কালবেলাকে বলেন, বিভিন্ন কারণে মনিরা শারমিন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছেন না। এ জন্য তিনি ব্যক্তিগত ফেসবুক পোস্টের মাধ্যমে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন।

বিজ্ঞাপন

উল্লেখ্য, গত ১০ ডিসেম্বর নওগাঁ-৫ (সদর) আসনে এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিনকে দলীয় মনোনয়ন দেওয়া হয়। পরে জামায়াতে ইসলামীর সঙ্গে এনসিপির আসন সমঝোতার খবরে দলটির ভেতরে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়। এরই মধ্যে এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা এবং যুগ্ম আহ্বায়ক তাজনূভা জাবীন পদত্যাগের ঘোষণা দিয়েছেন।

বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ