এসএমইতে সমৃদ্ধি, অর্থনীতিতে প্রবৃদ্ধি’ প্রতিপাদ্য নিয়ে আয়োজিত সাত দিনব্যাপী ‘১৩তম জাতীয় এসএমই পণ্য মেলা ২০২৬’-এর উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, এমপি।
আজ রবিবার (২২ নভেম্বর ২০২৬) সকাল ১১টা ৬ মিনিটে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রী এ মেলার উদ্বোধন করেন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করা হয়। পরে এসএমই ফাউন্ডেশনের কার্যক্রম ও প্রতিষ্ঠার প্রেক্ষাপট তুলে ধরে একটি ভিডিওচিত্র প্রদর্শন করা হয়।
ভিডিওচিত্রে সাবেক প্রধানমন্ত্রী মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উদ্যোগে ২০০৩ সালে প্রথম জাতীয় এসএমই টাস্কফোর্স গঠন, ২০০৫ সালে ওই টাস্কফোর্সের সুপারিশের ভিত্তিতে জাতীয় এসএমই নীতিকৌশল প্রণয়ন এবং ২০০৬ সালে এসএমই ফাউন্ডেশন প্রতিষ্ঠার ধারাবাহিক ইতিহাস তুলে ধরা হয়।
দেশীয় ক্ষুদ্র, কুটির, মাইক্রো ও মাঝারি (সিএমএসএমই) শিল্পের বিকাশ, উদ্যোক্তা সৃষ্টি, কর্মসংস্থান বৃদ্ধি ও পণ্যের বাজার সম্প্রসারণের লক্ষ্যে আয়োজিত এ মেলায় মাননীয় প্রধানমন্ত্রী জাতীয় এসএমই উদ্যোক্তা পুরস্কার-২০২৬ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। সাতটি ক্যাটাগরি ও একটি বিশেষ ক্যাটাগরিতে পুরস্কারপ্রাপ্ত মোট ৮জন উদ্যোক্তার মধ্যে রয়েছেন- বর্ষসেরা মাইক্রো উদ্যোক্তা (নারী), ক্ষুদ্র উদ্যোক্তা (নারী ও পুরুষ), মাঝারি উদ্যোক্তা, স্টার্টআপ প্রতিষ্ঠান, গ্রিন এসএমই বিজনেস, প্রযুক্তিনির্ভর সৃজনশীল উদ্যোক্তা এবং বিশেষ উদ্যোক্তা।
পুরস্কার বিতরণ শেষে বিজয়ীরা প্রধানমন্ত্রীর সঙ্গে গ্রুপ ফটোসেশনে অংশ নেন। এ সময় এসএমই ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার একটি বাঁধানো ছবি উপহার দেওয়া হয়।
পরে মাননীয় প্রধানমন্ত্রী মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং প্রদর্শিত দেশীয় পণ্য ও উদ্যোক্তাদের কার্যক্রম ঘুরে দেখেন।
এবারের মেলায় সারাদেশের ৪৫০টিরও বেশি প্রতিষ্ঠান এবং ৩৮০ জন উদ্যোক্তা অংশগ্রহণ করেছেন। অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর প্রায় ৬০ শতাংশ নারী উদ্যোক্তা দ্বারা পরিচালিত।
#PM #TariqueRahman #BNP #SMEFair2026