তাজা খবর
বিজ্ঞাপন

পদক, টোকেন ও স্মারকে ইতিহাসের নানা অধ্যায়

Desk Editor 11 hours আগে | ১২:১৮ AM

 

একটি পুরোনো পদক, ধাতব টোকেন কিংবা জমিদারদের ব্যবহৃত বেল্ট বাকল–দেখতে সাধারণ মনে হলেও প্রতিটি নিদর্শনের পেছনে লুকিয়ে আছে কোনো না কোনো সময়ের ইতিহাস। কোথাও সামরিক বীরত্বের স্মৃতি, কোথাও রাজনৈতিক পরিবর্তনের সাক্ষ্য, আবার কোথাও হারিয়ে যেতে বসা ঐতিহ্যের চিহ্ন।

এমনই নানা ইতিহাসের উপাদান নিয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) আয়োজন করা হয়েছে প্রত্ন প্রদর্শনী। যেখানে ১৪ জন সংগ্রাহকের ব্যক্তিগত সংগ্রহ থেকে উঠে এসেছে ব্রিটিশ শাসনামল, পাকিস্তান ও বাংলাদেশ আমলের নানা ঐতিহাসিক স্মারক। বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের এক যুগপূর্তি উপলক্ষে সোমবার (২৩ নভেম্বর) চিঠি চত্বরে এ প্রদর্শনীর আয়োজন করা হয়।

এতে স্থান পেয়েছে বাংলাদেশ সশস্ত্রবাহিনীর বিভিন্ন পদক, স্টার মেডেল, জাতীয় সংসদ নির্বাচন পদক, সামরিক ব্যাজ, ব্যাংক টোকেন, মেটাল ডকুমেন্ট ও বেল্ট বাকল। এ ছাড়া রয়েছে সিলেটের চা-বাগানে ব্যবহৃত টোকেন, ব্রিটিশ আমলে ঢাকার জমিদারদের ব্যবহৃত বেল্ট, বাকল এবং বিভিন্ন ধরনের সিলমোহর। পাশাপাশি প্রদর্শিত হচ্ছে জাতিসংঘ মিশনের পদক ও বিভিন্ন সামরিক স্মারক।

বিজ্ঞাপন

প্রদর্শনীর বিশেষ আকর্ষণ হিসেবে রয়েছে বিভিন্ন ঐতিহাসিক স্থাপনা ও প্রত্নতাত্ত্বিক নিদর্শনের থ্রিডি উপস্থাপনা। এসব উপস্থাপনার মাধ্যমে দর্শনার্থীরা পেয়েছে অতীতের স্থাপত্য ও প্রত্নতাত্ত্বিক নিদর্শন সম্পর্কে ধারণা পাওয়ার সুযোগ।

প্রদর্শনীতে থ্রিডি উপস্থাপনা নিয়ে কাজ করা সংগ্রাহক রাতুল মৃধা বলেন, ‘আজকের প্রদর্শনীতে যে থ্রিডি প্রেজেন্টেশনগুলো করা হচ্ছে, সেগুলো নিয়ে আমি কাজ করেছি। এই উপস্থাপনাগুলো আমাদের পূর্ববর্তী সময়গুলোকে প্রতিনিধিত্ব করে। সুলতান ও মুঘল আমলে আমাদের প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো কেমন ছিল, তা তুলে ধরে।’

তিনি আরও বলেন, ‘বাংলায় পূর্বে ১১টি জলদুর্গ ছিল, কিন্তু টিকে আছে মাত্র তিন-টি। আমরা চাই, এই তিন-টি যেন ভবিষ্যতেও এভাবেই থেকে যায়।’

বিজ্ঞাপন

নিদর্শনগুলোর প্রতিটির সঙ্গে জড়িয়ে রয়েছে আলাদা সময় ও প্রেক্ষাপট। কোনোটি সামরিক বাহিনীর বীরত্ব ও অবদানের স্মারক, কোনোটি রাষ্ট্রীয় ও রাজনৈতিক ইতিহাসের অংশ, আবার কোনোটি অতীতের প্রশাসনিক ও অর্থনৈতিক ব্যবস্থার পরিচায়ক। এসব সংগ্রহের মধ্য দিয়ে দর্শনার্থীরা পাচ্ছেন ইতিহাসের বিভিন্ন অধ্যায়কে কাছ থেকে দেখার সুযোগ।

এ বিষয়ে প্রত্নতত্ত্ব বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মোহাম্মদ সোহরাব উদ্দীন বলেন, ‘প্রত্নতত্ত্ব বিভাগ শ্রেণিকক্ষের পাঠদানের পাশাপাশি ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি চর্চায় ভূমিকা রাখতে চায়। আজকের মেডেল প্রদর্শনীর প্রতিটি পদকের পেছনে রয়েছে ত্যাগ, সংগ্রাম ও বীরত্বের গল্প। খেলাধুলা ও শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের দেশের মূলধারার সংস্কৃতির সঙ্গে সম্পৃক্ত করতেই আমাদের এ আয়োজন।’

কুমিল্লার সমৃদ্ধ প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য সংরক্ষণ ও গবেষণার পাশাপাশি তা নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার পরিকল্পনার কথাও জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপা-চার্য অধ্যাপক ড. এম. এম. শরীফুল করীম। তিনি বলেন, ‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পর কুমিল্লা বিশ্ববিদ্যালয়েই প্রত্নতত্ত্ব বিভাগ রয়েছে। কুমিল্লার শালবনের সমৃদ্ধ ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক ঐতিহ্যকে কেন্দ্র করেই এ বিভাগ প্রতিষ্ঠা করা হয়েছিল। প্রত্নতত্ত্ব বিভাগের মূল কাজ হলো প্রত্নতাত্ত্বিক নিদর্শন অনুসন্ধান, আবিষ্কার, গবেষণা ও সংরক্ষণ করা। এসব ঐতিহ্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের উদ্যোগে শীঘ্রই একটি জাদুঘর প্রতিষ্ঠা করা হবে।’

বিজ্ঞাপন

সোমবার প্রদর্শনীর উদ্বোধন করেন উপা-চার্য অধ্যাপক ড. এম. এম. শরীফুল করীম। এ সময় উপস্থিত ছিলেন উপ-উপা-চার্য অধ্যাপক ড. মোহাম্মদ আমজাদ হোসেন সরকার, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল উদ্দীন, প্রত্নতত্ত্ব বিভাগের শিক্ষকসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।

বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ