- ডেস্ক রিপোর্ট
২৩ জুলাই ২০২৬, বৃহস্পতিবার দুপুর ১২.১৫ ঘটিকায় ময়মনসিংহের গফরগাঁও রেলষ্টেশন থেকে জাকারিয়া নামে একজন যাত্রী ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’ নম্বরে ফোন করে জানান, তিনি ঢাকা থেকে জামালপুরের দেওয়ানগঞ্জগামী তিস্তা কমিউটার ট্রেনযোগে জয়দেবপুর থেকে উঠে ময়মনসিংহ গফরগাঁও ষ্টেশনে নেমে পড়েন। কিন্তু ভুলে তার ট্রাভেল ব্যাগটি ট্রেনের ‘ড’ বগিতে ৫/৬ নম্বর সীটের ওপরের তাকে ফেলে আসেন। ব্যাগের ভেতরে কয়েক হাজার টাকা, একটি মোবাইল ফোন, দরকারি কাগজপত্র ও কাপড়চোপড় ছিল। তিনি ব্যাগটি উদ্ধারে সহযোগিতার জন্য ৯৯৯ এর কাছে অনুরোধ জানায়। ৯৯৯ তাৎক্ষণিকভাবে রেলওয়ে পুলিশ নিয়ন্ত্রণ কক্ষ এবং ময়মনসিংহ রেলষ্টেশন ও জামালপুর রেলওয়ে থানায় ব্যাগটি উদ্ধারের ব্যবস্থা নেওয়ার জানায়। ৯৯৯ নম্বরে কলটি রিসিভ করেছিলেন ৯৯৯ কলটেকার কনস্টেবল আমির হোসেন। উদ্ধার তৎপরতার বিষয়টি তদারক এবং সমন্বয় করছিলেন ৯৯৯ ডিসপা-চার এসআই মোঃ মহিউদ্দিন মু্ন্না।
সংবাদপ্রাপ্ত হয়ে ঢাকা রিজিওন জামালপুর রেলওয়ে থানার একটি দল দেওয়ানগঞ্জ স্টেশনে পৌঁছা ট্রেন-টিতে খোঁজাখুঁজি করে ‘ড’ বগি থেকে ফেলে আসা ব্যাগটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। কলারকে খবর দেওয়া হলে তিনি জামালপুর রেলওয়ে থানায় পৌঁছালে ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব রবিউল ইসলাম কলারকে ব্যাগটি বুঝিয়ে দেন।