- মোঃ বাবুল মিয়া ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি
৩০ জুলাই, ২০২৬
ময়মনসিংহের ফুলপুর থানায় আধুনিক প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার ও প্রশাসনিক দায়িত্বশীলতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপিত হয়েছে। সাহাপুর তারতিলুল কোরআন মাদ্রাসার শিক্ষক মোঃ ইমাম হোসাইন-এর হারিয়ে যাওয়া মোবাইল ফোন-টি উদ্ধার করে যথাযথ যাচাই-বাছাই শেষে তাঁর হাতে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেছে ফুলপুর থানা পুলিশ।
আজ ৩০ জুলাই, ২০২৬ (বৃহস্পতিবার) ফুলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ফিরোজ হোসেন-এর উপস্থিতিতে তাঁর কার্যালয়ে এই মোবাইল ফোন-টি সসম্মানে প্রকৃত মালিকের হাতে তুলে দেওয়া হয়।
পুলিশ ও ডায়েরি সূত্রে জানা যায়, সম্প্রতি সাহাপুর তারতিলুল কোরআন মাদ্রাসার শিক্ষক মোঃ ইমাম হোসাইনের ব্যবহৃত গুরুত্বপূর্ণ মোবাইল ফোন-টি অসাবধানতাবশত হারিয়ে যায়। সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করে ব্যর্থ হয়ে তিনি ফুলপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
জিডিভুক্তির পর ফুলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ফিরোজ হোসেনের নির্দেশে থানা পুলিশের একটি বিশেষ দল মোবাইলটি উদ্ধারে অভিযান শুরু করে। আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় অত্যন্ত স্বল্প সময়ের মধ্যে ফোন-টির অবস্থান চিহ্নিত এবং সফলভাবে উদ্ধার করা সম্ভব হয়।
পরবর্তীতে ওসি মোঃ ফিরোজ হোসেন উদ্ধারকৃত মোবাইল ফোনের যাবতীয় তথ্য ও প্রকৃত মালিকানা নিখুঁতভাবে যাচাই করেন। সকল আইনি প্রক্রিয়া সম্পন্ন করে অফিসার ইনচার্জের নিজ কক্ষে শিক্ষক মোঃ ইমাম হোসাইনের হাতে মোবাইলটি হস্তান্তর করা হয়।
হারিয়ে যাওয়া মোবাইল ফোন-টি অক্ষত অবস্থায় ফিরে পেয়ে উচ্ছ্বাস ও কৃতজ্ঞতা প্রকাশ করেন মাদ্রাসা শিক্ষক মোঃ ইমাম হোসাইন। তিনি বলেন, ❝মোবাইলটিতে আমার অনেক গুরুত্বপূর্ণ তথ্য ও যোগাযোগ নম্বর ছিল। ফোন-টি ফিরে পাব বলে আশা ছেড়ে দিয়েছিলাম। ফুলপুর থানা পুলিশের আন্তরিকতা এবং ওসি মোঃ ফিরোজ সাহেবের দ্রুত ও সদয় পদক্ষেপে আজ আমি আমার জিনিসটি ফিরে পেলাম। পুলিশের এই ধরনের আন্তরিক সেবা সাধারণ মানুষের মাঝে আস্থা বহুগুণ বাড়িয়ে দেয়।
এ বিষয়ে ফুলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ফিরোজ হোসেন জানান, ❝জনগণের জানমাল রক্ষা এবং তাঁদের যে কোনো বিপদে পাশে দাঁড়ানো পুলিশের নৈতিক ও পেশাগত দায়িত্ব। একটি হারানো জিনিস উদ্ধারের পর তার প্রকৃত মালিককে শনাক্ত করে ফিরিয়ে দিতে পেরে আমরাও আনন্দিত। ফুলপুর থানা পুলিশ সর্বদা সাধারণ মানুষের সেবায় নিয়োজিত রয়েছে এবং এই ধরনের জনবান্ধব সেবা অব্যাহত থাকবে।
পুলিশের এই তাৎক্ষণিক পদক্ষেপ ও ওসির আন্তরিক ভূমিকার জন্য স্থানীয় সচেতন মহল এবং এলাকাবাসী ফুলপুর থানা পুলিশের প্রতি প্রশংসা ও সন্তোষ প্রকাশ করেছেন।