মোঃ বাবুল মিয়া ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি
আজ ৫ আগস্ট ২০২৬ রক-্তস্নাত ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস। বৈরি আবহাওয়া প্রবল বাতাস ও টানা দুই দিনের অবিরাম বর্ষণ উপেক্ষা করে গভীর আবেগ, শ্রদ্ধা ও যথাযোগ্য মর্যাদায় ময়মনসিংহে পালিত হচ্ছে দিবসটি। কর্মসূচির মূল অংশ হিসেবে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের উদ্যোগে ঢাকা-ময়মনসিংহ বাইপাস সংলগ্ন ‘জুলাই স্মৃতিস্তম্ভে’ বৈষম্যবিরোধী আন্দোলনে আত্মোৎসর্গকারী বীর শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
বুধবার দিনের সূচনালগ্নেই ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক জনাব মোঃ রুকুনোজ্জামান রোকনের নেতৃত্বে এই শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। শ্রদ্ধা নিবেদনের নির্ধারিত সময়ে আকস্মিকভাবে মুষলধারে তোড়জোড় বৃষ্টি শুরু হয়। তবে প্রকৃতি ও আবহাওয়ার এই চরম প্রতিকূলতা সত্ত্বেও উপস্থিত সম্মানিত অতিথি, রাজনৈতিক ব্যক্তিত্ব ও সাধারণ জনতার আবেগ কমেনি সামান্যতমও। বৃষ্টিতে ভিজে ভিজে, খোলা আকাশের নিচে দাঁড়িয়েই অকুতোভয় নেতৃবৃন্দ ও সর্বস্তরের মানুষ স্মৃতিস্তম্ভ বেদীতে পুষ্পার্ঘ্য অর্পণ সম্পন্ন করেন। এ সময় স্মৃতিস্তম্ভ প্রাঙ্গণে এক আবেগঘন থমথমে পরিবেশের সৃষ্টি হয়।
অনুষ্ঠানে বীর শহীদদের স্মৃতির প্রতি সংহতি প্রকাশ করে পুষ্পস্তবক অর্পণকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স, ময়মনসিংহ-৪ (সদর) আসনের মাননীয় সংসদ সদস্য মোঃ আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ, ময়মনসিংহ-৫ (মুক্তাগাছা) আসনের মাননীয় সংসদ সদস্য জাকির হোসেন বাবলু এবং ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহ্বায়ক ও ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনের সাবেক সংসদ সদস্য প্রার্থী মোতাহার হোসেন তালুকদার।
পুষ্পস্তবক অর্পণ শেষে এক সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা জুলাই বিপ্লবের চেতনা অক্ষুণ্ণ রেখে একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক ও মুক্ত বাংলাদেশ গড়ার সংকল্প পুনর্ব্যক্ত করেন। পরবর্তীতে বীর শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত, আহতদের দ্রুত সুস্থতা এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে এক বিশেষ দোয়া ও মুনাজাত পরিচালনা করা হয়।
উক্ত স্মরণ সভা ও শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারী, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের জেলা ও মহানগর পর্যায়ের বিপুলসংখ্যক নেতা-কর্মী ও সমর্থক বৃষ্টি উপেক্ষা করে অংশ নেন।