কারওয়ান বাজারে চাঁদাবাজি বন্ধের দাবিতে মানববন্ধনে হামলা, ধাওয়া–পাল্টা ধাওয়া
ঢাকা, প্রতিনিধি |
রাজধানীর কারওয়ান বাজারে ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায় বন্ধের দাবিতে আয়োজিত মানববন্ধন চলাকালে হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুর্বৃত্তদের সঙ্গে ব্যবসায়ীদের কয়েক দফা ধাওয়া–পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে রাজধানীর কারওয়ান বাজার সংলগ্ন কাঁচামালের আড়ত এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও ব্যবসায়ীদের সূত্রে জানা গেছে, মানববন্ধন চলাকালে হঠাৎ করে একদল দুর্বৃত্ত ব্যবসায়ীদের ওপর হামলা চালায়। হামলার পর ব্যবসায়ীরাও লাঠিসোঁটা নিয়ে হামলাকারীদের তাড়া করেন। এতে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং কয়েক দফা ধাওয়া–পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
তবে এখন পর্যন্ত এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ঘটনার পর বিক্ষুব্ধ ব্যবসায়ীরা ‘চাঁদাবাজের আস্তানা ভেঙে দাও—গুঁড়িয়ে দাও’, ‘চাঁদাবাজের আস্তানা এই বাংলায় হবে না’—এমন নানা স্লোগান দেন।
ব্যবসায়ীদের অভিযোগ, পুলিশ প্রশাসন চাঁদাবাজদের পক্ষে কাজ করছে। তাদের দাবি, প্রতিমাসে মাসোহারা পাওয়ার কারণেই হামলার পরেও পুলিশ কার্যকর ব্যবস্থা নেয়নি।
কারওয়ান বাজারের এক ব্যবসায়ী বলেন,
“আমরা চাঁদাবাজি বন্ধের দাবিতে শান্তিপূর্ণভাবে মানববন্ধন করছিলাম। হঠাৎ করেই আমাদের ওপর হামলা চালানো হয়। পাশেই পুলিশের সদস্যরা উপস্থিত থাকলেও কীভাবে এই হামলা হলো, তা আমরা জানতে চাই।”
তিনি আরও বলেন, হামলার পর ব্যবসায়ীরা ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলেন।
এলাকার আরও কয়েকজন ব্যবসায়ী অভিযোগ করে জানান, স্থানীয় চাঁদাবাজ আব্দুর রহমানের বাহিনী এ হামলা চালিয়েছে। তারা বলেন, শান্তিপূর্ণ কর্মসূচিকে পরিকল্পিতভাবে উত্তপ্ত করা হয়েছে এবং এই হামলার তীব্র নিন্দা জানান।
এ বিষয়ে দায়িত্বপ্রাপ্ত এক পুলিশ কর্মকর্তা বলেন,
“বিষয়টি আমি অবগত হয়েছি। আপনারা এজাহার দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এখানে কোনোভাবেই বিশৃঙ্খলা করা যাবে না।”