চসিকের ভেজালবিরোধী অভিযান।
মোঃ জসিম উদ্দিন:
৩ প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা
চট্টগ্রাম নগরের পাথরঘাটা এলাকার মিরিন্ডা লেইন, বান্ডেল রোড ও ব্রিকফিল্ড রোডে ভেজালবিরোধী অভিযান পরিচালনা করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (২৪ আগস্ট) পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন চসিকের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা।
অভিযানে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে বেকারি পণ্য ও হোটেলের খাবার তৈরি, মেয়াদবিহীন ও লেবেলবিহীন পণ্য বিক্রি, কাঁচা ও রান্না করা খাবার একই ফ্রিজে সংরক্ষণ, খাদ্যপণ্যে বিভিন্ন ধরনের রাসায়নিক ব্যবহার এবং দোকানের সামনে ময়লা-আবর্জনা স্তুপ করে রাখার অপরাধে তিন প্রতিষ্ঠানকে মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।
এর মধ্যে বান্ডেল রোডের মিশুক রেস্তোরাঁ অ্যান্ড বিরানি হাউসকে ২০ হাজার টাকা, মিরিন্ডা লেইনের চট্টলা হোটেল অ্যান্ড সুইটসকে ১০ হাজার টাকা এবং ব্রিকফিল্ড রোডের টেস্টি বেকারিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট শাখার কর্মকর্তা-কর্মচারী এবং চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সদস্যরা ম্যাজিস্ট্রেটকে সহায়তা করেন।
চসিক কর্তৃপক্ষ জানিয়েছে, নগরবাসীর জন্য নিরাপদ ও মানসম্মত খাদ্য নিশ্চিত করতে এ ধরনের ভেজালবিরোধী অভিযান অব্যাহত থাকবে।