শারীরিক সক্ষমতা বৃদ্ধি, আত্মরক্ষার কৌশল রপ্ত এবং মানসিক দৃঢ়তা অর্জনের প্রত্যয়ে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে চাঁদপুরে অনুষ্ঠিত হয়েছে ‘কারাতে সেমিনার-২০২৬’। দিনব্যাপী এ সেমিনারে বিভিন্ন বয়সের শতাধিক নারী, পুরুষ ও শি-শু প্রশিক্ষণার্থী অংশ নিয়ে কারাতের নানা কলাকৌশল ও প্রশিক্ষণ গ্রহণ করেন।
শুক্রবার (৯ অক্টোবর) সকাল ৯টা থেকে চাঁদপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা পরিষদ ও সোতোকান কারাতে একাডেমির যৌথ উদ্যোগে এ সেমিনার শুরু হয়। দুপুর আড়াইটায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুরের জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান।
চাঁদপুর জেলা কারাতে একাডেমির সভাপতি আলম পল-াশের সঞ্চালনায় এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএমএন জামিউল হিকমার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সোতোকান কারাতে ফেডারেশনের সহ-সভাপতি শিহান এ বি রনি ও যুগ্ম সাধারণ সম্পাদক সেনসী মঈনুল হোসেন।
সেমিনারে অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীদের কারাতের বিভিন্ন কৌশল, আত্মরক্ষার পদ্ধতি ও প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়া হয়। এ ধরনের আয়োজন প্রশিক্ষণার্থীদের শারীরিক সক্ষমতা ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি ভবিষ্যতে বিভিন্ন কারাতে প্রতিযোগিতায় অংশগ্রহণের ক্ষেত্রেও তারা উপকৃত হবেন বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।
চাঁদপুর জেলা কারাতে একাডেমির সাধারণ সম্পাদক ও সোতোকান কারাতে একাডেমির প্রধান কোচ সেনসী মো. জসিম গাজী বলেন, সেমিনারে শতাধিক প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেছেন। তাদের কারাতের বিভিন্ন কলাকৌশল ও প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এর মাধ্যমে প্রশিক্ষণার্থীরা আত্মরক্ষার দক্ষতা অর্জনের পাশাপাশি শারীরিক ও মানসিক বিকাশে এগিয়ে যেতে পারবেন।
অনুষ্ঠানে চাঁদপুর জেলা কারাতে একাডেমির প্রশিক্ষণ কার্যক্রমকে আরও গতিশীল করতে জেলা প্রশাসকের পক্ষ থেকে একাডেমিকে ৫০ পিসের এক সেট কারাতে ম্যাট প্রদান করা হয়। সংশ্লিষ্টরা মনে করছেন, এই উপকরণ প্রশিক্ষণার্থীদের নিয়মিত অনুশীলন ও দক্ষতা উন্নয়নে সহায়ক হবে।