লিটন মাহমুদ, মুন্সীগঞ্জ ।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার কামারখাড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা নিয়ে জনসংযোগ শুরু করেছেন ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মোল্লা।
নির্বাচনে অংশ নেওয়ার আগ্রহ প্রকাশ করে তিনি স্থানীয় মানুষের কাছে দোয়া, ভালোবাসা ও সমর্থন চেয়ে লিফলেট বিতরণ করেছেন।
শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে কামারখাড়া বাজারের বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান ও সাধারণ মানুষের মধ্যে এসব লিফলেট বিতরণ করেন তিনি।
লিফলেট বিতরণকালে নজরুল ইসলাম মোল্লা বাজারের ব্যবসায়ী, স্থানীয় বাসিন্দা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কথা বলেন।
এ সময় তিনি নিজের রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের কথা তুলে ধরার পাশাপাশি ভবিষ্যতে এলাকার উন্নয়ন এবং সাধারণ মানুষের কল্যাণে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন।
তাঁর এই জনসংযোগকে কেন্দ্র করে স্থানীয় পর্যায়ে নির্বাচনী আলোচনা শুরু হয়েছে।
স্থানীয়দের সঙ্গে মতবিনিময়কালে নজরুল ইসলাম মোল্লা বলেন, ❝আমি কামারখাড়া ইউনিয়নের মানুষের পাশে থেকে কাজ করতে চাই। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার ইচ্ছা রয়েছে। এ জন্য সবার দোয়া, ভালোবাসা ও সমর্থন কামনা করছি। সুযোগ পেলে এলাকার উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করতে চাই।
তিনি আরও বলেন, জনপ্রতিনিধি হিসেবে মানুষের সেবা করার অভিজ্ঞতা তাঁর রয়েছে। পরপর দুইবার বিপুল ভোটে ইউপি সদস্য নির্বাচিত হয়ে তিনি এলাকার উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত ছিলেন।
ভবিষ্যতেও সাধারণ মানুষের পাশে থেকে তাঁদের বিভিন্ন সমস্যা সমাধানে ভূমিকা রাখতে চান তিনি।
নজরুল ইসলাম মোল্লার প্রত্যাশা, এলাকার মানুষের দোয়া ও সমর্থন নিয়ে তিনি আগামী দিনে আরও বৃহৎ পরিসরে জনসেবামূলক কাজ করার সুযোগ পাবেন। এ লক্ষ্যে তিনি ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে যোগাযোগ বাড়ানো এবং তাঁদের প্রত্যাশা ও সমস্যার কথা শোনার ওপর গুরুত্ব দিচ্ছেন।
শুক্রবার বিকেলে কামারখাড়া বাজারে লিফলেট বিতরণের সময় ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, আসন্ন কামারখাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদে নিজের প্রার্থিতার আগ্রহ প্রকাশের মাধ্যমে স্থানীয় পর্যায়ে জনসংযোগ কার্যক্রম শুরু করেছেন নজরুল ইসলাম মোল্লা।