ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি মোঃ বাবুল মিয়া
ময়মনসিংহের ত্রিশাল থানা-পুলিশের এক বিশেষ অভিযানে একটি চোর চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। একই সাথে উদ্ধার করা হয়েছে বাদীর চুরি যাওয়া একটি অটো-ইজিবাইক।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদ ও আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় ত্রিশাল থানার ইন্সপেক্টর (তদন্ত) শেখ গোলাম মোস্তফা রুবেলের নেতৃত্বে এসআই তারেক হাসান, এসআই আবুল কালাম আজাদ এবং এএসআই মোঃ শফিকুল ইসলামসহ একটি চৌকস দল রোববার (৭ সেপ্টেম্বর) রাতে এ অভিযান পরিচালনা করেন।
অভিযানের প্রথম পর্যায়ে ত্রিশাল থানাধীন ১ নম্বর ধানীখোলা ইউনিয়নের ধানীখোলা ভাটি দাসপাড়া এলাকা থেকে দুই আসামিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন আব্দুল আজিজ (৩৪) ও শাকিল আহমেদ (৩২)।
পরবর্তীতে তাদের দেওয়া স্বীকারোক্তি ও তথ্যের ভিত্তিতে ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানাধীন ১১ নম্বর ঘাগড়া ইউনিয়নের মধ্য বাড়েরা এলাকা থেকে চোর চক্রের অপর দুই সদস্য মোঃ আহাদ হোসাইন (২০) ও মোঃ আবুল হোসেনকে (৩২) গ্রেফতার করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে চুরি হওয়া অটো-ইজিবাইকটি উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ।