সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আনন্দমুখর, সুষ্ঠু ও নিরাপদ পরিবেশে উদ্যাপনের লক্ষ্যে সিরাজগঞ্জের তাড়াশ থানাধীন বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন সিরাজগঞ্জ জেলার পুলিশ সুপার জনাব মো: সাইফুল ইসলাম সানতু, বিপিএম (বার)।
মঙ্গলবার (২০ অক্টোবর) তাড়াশের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনের সময় পুলিশ সুপারের সাথে উপস্থিত ছিলেন তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: ইমাম জাফরসহ জেলা ও থানা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
পরিদর্শনকালে পুলিশ সুপার পূজা উদ্যাপন পরিষদের নেতৃবৃন্দ, পূজারী ও দর্শনার্থীদের সাথে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন এবং আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা সার্বিক বিষয় নিয়ে মতবিনিময় করেন। এ সময় তিনি মণ্ডপ এলাকার নিরাপত্তার সার্বিক ব্যবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন।
পুলিশ সুপার মো: সাইফুল ইসলাম সানতু বলেন, “শান্তিপূর্ণ ও আনন্দময় পরিবেশে শারদীয় দুর্গোৎসব সম্পন্ন করতে পুলিশ প্রশাসন সব ধরনের নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর। প্রতিটি মণ্ডপে নিশ্ছিদ্র নিরাপত্তা বজায় রাখতে আইন-শৃঙ্খলা বাহিনী সততার সাথে কাজ করছে।” উৎসবটি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে তিনি স্থানীয় জনগণ ও পূজা কমিটির নেতৃবৃন্দের আন্তরিক সহযোগিতা কামনা করেন।
উল্লেখ্য, সিরাজগঞ্জ জেলার অন্যান্য থানাতেও সংশ্লিষ্ট সার্কেল অফিসার ও অফিসার ইনচার্জগণের (ওসি) নেতৃত্বে একযোগে পূজা মণ্ডপ পরিদর্শন ও নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে বিশেষ পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে।
তাড়াশে শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে পূজা মণ্ডপ পরিদর্শন ও মতবিনিময় সভায় পুলিশ সুপার
সাব্বির মির্জা সিরাজগঞ্জ তাড়াশ
৭ দিন আগে | ০১:২৮ AM