সিরাজগঞ্জের রায়গঞ্জে নিমগাছী মৎস্য প্রকল্পের সরকারি সম্পদ ব্যক্তিগত কাজে ব্যবহারের উদ্দেশ্যে সরিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে প্রকল্পটির সিনিয়র সহকারী পরিচালক মো. মাসুদ রানা সরকারের বিরুদ্ধে। এ সময় প্রায় ৬০ থেকে ৬৫টি সিমেন্টের খুঁটি ও কাটা তার ট্রাকে করে নিয়ে যাওয়ার পথে সেগুলো আটক করেন স্থানীয় বাসিন্দারা। পরে উদ্ধার করা মালামাল সোনাখাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে জমা রেখে দেওয়া হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, নিমগাছী মৎস্য প্রকল্পের কার্যালয় থেকে সিমেন্টের খুঁটি ও কাটা তার একটি ট্রাকে করে নিয়ে যাওয়া হচ্ছিল। বিষয়টি স্থানীয়দের সন্দেহ হলে তারা খোঁজখবর নিয়ে জানতে পারেন, এসব মালামাল প্রকল্পের সিনিয়র সহকারী পরিচালক মো. মাসুদ রানা সরকারের ব্যক্তিগত বাসভবনে নেওয়া হচ্ছে বলে অভিযোগ রয়েছে।
পরে স্থানীয় বাসিন্দারা একত্র হয়ে ট্রাকটি আটক করেন। এ সময় ট্রাকে থাকা সিমেন্টের খুঁটি ও কাটা তার উদ্ধার করে সোনাখাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে জমা রাখা হয় বলে স্থানীয়রা জানান।
সরকারি প্রকল্পের মালামাল ব্যক্তিগত কাজে ব্যবহারের উদ্দেশ্যে সরিয়ে নেওয়ার অভিযোগে এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত করে সরকারি সম্পদ সরানোর সঙ্গে জড়িতদের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
এ বিষয়ে অভিযোগের সত্যতা জানতে নিমগাছী মৎস্য প্রকল্পের সিনিয়র সহকারী পরিচালক মো. মাসুদ রানা সরকারের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। ফলে এ বিষয়ে তাঁর বক্তব্য পাওয়া যায়নি।
এ ঘটনায় প্রকৃত ঘটনা উদ্ঘাটন এবং সরকারি সম্পদের সুরক্ষা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ দাবি করেছেন এলাকাবাসী।