রাজশাহীর গ্রিন ও ক্লিন সিটির প্রশংসায় নরওয়ের ডেপুটি মেয়র
রাজশাহী প্রতিনিধি:
রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন নরওয়ের ক্রিস্টিয়ানস্যান্ড সিটির ডেপুটি মেয়র শার্লট বেকম্যান ফিনস্ট্যাড (Charlotte Beckmann Finnestad)। এ সময় পরিচ্ছন্ন ও সবুজ নগরী হিসেবে রাজশাহীর ভূয়সী প্রশংসা করেন তিনি।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় নগর ভবনে রাসিক প্রশাসকের দপ্তরে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত বৈঠকে রাজশাহী ও ক্রিস্টিয়ানস্যান্ড শহরের মধ্যে পারস্পরিক সম্পর্ক উন্নয়ন এবং বিভিন্ন খাতে সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা হয়।
সাক্ষাৎকালে দুই শহরের মধ্যে শিক্ষা, সংস্কৃতি, স্বাস্থ্যসেবা, বিশেষ চাহিদাসম্পন্ন শি-শুদের কল্যাণ, তথ্যপ্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক ট্রাফিক ব্যবস্থাপনা ও নগর উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে অভিজ্ঞতা বিনিময়ের ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি দুই শহরের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করতে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন তাঁরা।
এ সময় রাজশাহীকে গ্রিন ও ক্লিন সিটি হিসেবে উল্লেখ করে নগরীর পরিচ্ছন্নতা ও সবুজ পরিবেশের ভূয়সী প্রশংসা করেন ক্রিস্টিয়ানস্যান্ড সিটির ডেপুটি মেয়র শার্লট বেকম্যান ফিনস্ট্যাড।
সাক্ষাৎ শেষে রাসিক প্রশাসক ও ক্রিস্টিয়ানস্যান্ড সিটির ডেপুটি মেয়র পরস্পরের মধ্যে শুভেচ্ছা স্মারক বিনিময় করেন।
অনুষ্ঠানে ক্রিস্টিয়ানস্যান্ড সিটির ডেপুটি মেয়রের উপদেষ্টা ওডা ওলাইন ওমডাল, ক্রিস্টিয়ানস্যান্ড-রাজশাহী ফ্রেন্ডশিপ কমিটির সভাপতি ড্যাগ কিউলফভিগে, ক্রিস্টিয়ানস্যান্ড সিটি স্কুলের সিনিয়র উপদেষ্টা জন আইনার কোভাম, স্ট্রমী ফাউন্ডেশনের চলচ্চিত্র ও ফটোগ্রাফি বিভাগের সিনিয়র উপদেষ্টা কিয়ালস্টেইন মেলহুস ভেনাস, স্ট্রমী ফাউন্ডেশনের সিনিয়র উপদেষ্টা ও এশিয়া প্রোগ্রাম ম্যানেজার ক্রিস্টিয়ান নিউম্যান, স্ট্রমী ফাউন্ডেশন বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর মিজানুর রহমান ভূঁইয়া, রাজশাহী-ক্রিস্টিয়ানস্যান্ড ফ্রেন্ডশিপ কমিটির সভাপতি ড. শিখা বিশ্বাস এবং সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার লুৎফর রহমান উপস্থিত ছিলেন।
এ ছাড়া রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম, সচিব সোহেল রানা, তত্ত্বাবধায়ক প্রকৌশলী খায়রুল বাকের, ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক প্রকৌশলী আহমদ আল মঈন পরাগ, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফএএম আঞ্জুমান আরা বেগম, বাজেট ও হিসাবরক্ষণ কর্মকর্তা শফিকুল ইসলাম খান, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাজমুল আলম এবং নির্বাহী প্রকৌশলী (পরিকল্পনা) জসীম উদ্দীন আরজুসহ রাসিকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।