১২০০ শয্যার একটি জেনারেল হাসপাতাল প্রতিষ্ঠা করা হবে–+ বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির
সিলেটে মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ১২০০ শয্যার একটি জেনারেল হাসপাতাল প্রতিষ্ঠা করা হবে বলে জানিয়েছেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি। এ ছাড়া ২৫০ শয্যার বিশেষায়িত হাসপাতাল ও ২০০ শয্যার শি-শু হাসপাতাল প্রতিষ্ঠার পরিকল্পনা রয়েছে।
শুক্রবার (৬ নভেম্বর) সিলেট নগরীর উইন্ডসর হোটেলে সিলেট সেন্ট্রাল ডেন্টাল কলেজের ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, স্বাস্থ্য খাত বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকার। চলতি অর্থবছরে স্বাস্থ্য খাতে ৬৯ হাজার ৪০০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে, যা গত অর্থবছরের সংশোধিত বরাদ্দের প্রায় দ্বিগুণ। প্রধানমন্ত্রী স্বাস্থ্য ও শিক্ষা খাতে জিডিপির ৫ শতাংশ করে বিনিয়োগের লক্ষ্য নির্ধারণ করেছেন।
সিলেটের স্বাস্থ্যসেবার উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রকল্পে পরামর্শক নিয়োগের টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। আগামী জানুয়ারির মধ্যে পরামর্শক নিয়োগ শেষ হতে পারে। এরপর প্রকল্পের বাস্তবায়ন কার্যক্রম শুরু হবে। পাশাপাশি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের অসম্পূর্ণ ক্যান্সার হাসপাতালের কাজ দ্রুত শেষ করার উদ্যোগ নেওয়া হবে। এতে হাসপাতালের শয্যাসংখ্যাও ৪০০ থেকে ৪৫০টি বাড়বে।
সিলেটকে আন্তর্জাতিক মানের ডেন্টাল চিকিৎসার কেন্দ্র হিসেবে গড়ে তোলার প্রত্যাশা জানিয়ে মন্ত্রী বলেন, সাশ্রয়ী ব্যয়ে মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করা গেলে বিদেশ থেকেও রোগীরা সিলেটে চিকিৎসা নিতে আসবেন।
অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে চীন-বাংলাদেশ করিডোর প্রসঙ্গে তিনি বলেন, চীনের সঙ্গে উন্নত সরাসরি যোগাযোগব্যবস্থা গড়ে উঠলে বাংলাদেশ, চীন ও মিয়ানমারের মধ্যে ব্যবসা-বাণিজ্যের নতুন সুযোগ সৃষ্টি হবে। এ ব্যবস্থা চালু হলে চট্টগ্রাম থেকে মাত্র ২৪ ঘণ্টায় ট্রাক চীনে পৌঁছাতে পারবে।
নতুন মজুরি কাঠামো প্রসঙ্গে মন্ত্রী জানান, শ্রমিকদের মজুরি নির্ধারণে একটি বোর্ড গঠন করা হয়েছে। আগামী জানুয়ারি থেকে নতুন মজুরি কার্যকরের লক্ষ্যে বোর্ডকে দ্রুত কাজ শেষ করার নির্দেশনা দেওয়া হয়েছে।
আল আমিন অ্যাসোসিয়েটসের ব্যবস্থাপনা পরিচালক ও সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিলেট সেন্ট্রাল ডেন্টাল মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. পরিমল চন্দ্র মল্লিক, সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপা-চার্য অধ্যাপক ডা. জিয়াউর রহমান চৌধুরী, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশিদ ও মহাসচিব অধ্যাপক ডা. মো. জহিরুল ইসলাম শাকিল।