সিলেটে টিলা কাটার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের সাঁড়াশি অভিযান
সিলেট নগরী ও আশপাশের এলাকায় অবৈধভাবে পাহাড়-টিলা কাটার বিরুদ্ধে দিনব্যাপী সাঁড়াশি অভিযান পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর। সোমবার (১৬ নভেম্বর) পরিবেশ অধিদপ্তর, সিলেট বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে নগরীর বিভিন্ন এলাকায় এ অভিযান চালানো হয়।
পরিবেশের ভারসাম্য নষ্ট করে নির্বিচারে পাহাড়-টিলা কাটা, মাটি বিক্রি এবং প্রাকৃতিক ভূপ্রকৃতি ধ্বংসের প্রবণতা বেড়ে যাওয়ায় এ অভিযান পরিচালনা করা হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
পরিবেশ অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানিয়া আক্তারের নেতৃত্বে পরিচালিত অভিযানে সিলেট মহানগরীর ৩৬ নম্বর ওয়ার্ডের জোনাকি আবাসিক এলাকা (উত্তর ব-ালুচর), শাহপরাণের চকগ্রাম, খাদিমপাড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পীরেরচক শ্মশান টিলা, নগরীর ৮ নম্বর ওয়ার্ডের মজুমদার টিলা এবং আখালিয়ার বড়গুল এলাকার পুয়াইল টিলা সহ বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়।
অভিযান সংশ্লিষ্ট সূত্র জানায়, দিনব্যাপী অভিযানের সময় বিভিন্ন স্থানে টিলা কাটার সঙ্গে জড়িতদের শনাক্তের চেষ্টা করা হয়। তবে ঘটনাস্থলে অভিযুক্ত কাউকে পাওয়া যায়নি। এ সময় সংশ্লিষ্ট ব্যক্তিদের নাম-ঠিকানাসহ প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হয়েছে। সংগৃহীত তথ্য যাচাই-বাছাই শেষে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
অভিযানে পরিবেশ অধিদপ্তর সিলেট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ফাইজুল কবির, পরিদর্শক মো. রুকন মিয়াসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারী এবং আনসার ব্যাটালিয়নের সদস্যরা সহযোগিতা করেন।
পরিবেশ অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয় জানিয়েছে, বিভাগের অধীন জেলাগুলোতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি বায়ুদূষণ, পাহাড়-টিলা কাটা, অবৈধ ইটভাটা এবং নিষিদ্ধ ঘোষিত পলিথিনের বিরুদ্ধে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।
সিলেটের প্রাকৃতিক পরিবেশ, জীববৈচিত্র্য ও পাহাড়-টিলা রক্ষায় অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থান অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে পরিবেশ অধিদপ্তর।