শিহাবুল ইসলাম শাহেদ,জাককানইবি প্রতিনিধি :
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিক্ষকদের অংশগ্রহণে ‘Outcome-Based Education: Curriculum Design & Implementation for the Faculty of Fine Arts’ শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে এ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপা-চার্য অধ্যাপক ড. মোহাম্মদ মোশারফ হোসেন।
উদ্বোধনী বক্তব্যে উপা-চার্য বলেন, শিক্ষাবিদ ও প্রাবন্ধিক মোতাহের হোসেন চৌধুরীর ভাষায়, ‘শিক্ষার উদ্দেশ্য ফল চাওয়া না, ফলতে চাওয়া।’ একইভাবে ওবিই (Outcome-Based Education) কারিকুলামের লক্ষ্য শিক্ষিত জনসমাজকে জনশক্তিতে পরিণত করা। বিশ্ববিদ্যালয়ের অনেক বিভাগে ইতোমধ্যে ওবিই কারিকুলাম চালু হয়েছে এবং পর্যায়ক্রমে সব বিভাগে তা চালু করা হবে।
চারুকলা একটি বিশেষায়িত অনুষদ উল্লেখ করে তিনি বলেন, এ অনুষদের শিক্ষকরা নিজ নিজ বিষয়ে দক্ষ। তাদের দক্ষতা ও প্রশিক্ষণ কর্মসূচিতে পাওয়া নির্দেশনা কাজে লাগিয়ে যুগোপযোগী ওবিই কারিকুলাম প্রণয়ন করতে পারবেন বলে তিনি আশাবাদী।
উপা-চার্য আরও জানান, বিশ্ববিদ্যালয়ের প্রতিটি বিভাগে দুই পর্বে এ প্রশিক্ষণ আয়োজন করা হচ্ছে। প্রথম পর্বে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ এবং দ্বিতীয় পর্বে বাস্তবায়ন ও ওবিই কারিকুলাম সম্পন্ন করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। ওবিই কারিকুলাম প্রণয়ন ও বাস্তবায়নই এ উদ্যোগের মূল লক্ষ্য।
প্রশিক্ষণ কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মাদ ইমদাদুল হুদা ও চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ এমদাদুর রাশেদ (রাশেদ সুখন)। স্বাগত বক্তব্য দেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) খন্দকার নাজমুল হাসান।
প্রশিক্ষণে রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ফাইন আর্টসের ড্রইং অ্যান্ড পেইন্টিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. আবু কালাম শামসুদ্দিন। দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মসূচির সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাশুরেন্স সেল (আইকিউএসি)-এর পরিচালক অধ্যাপক ড. এ এইচ এম কামাল।
অনুষ্ঠানের উদ্বোধনী পর্ব সঞ্চালনা করেন আইকিউএসি-এর অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. তুষার কান্তি সাহা। এ সময় আইকিউএসি-এর অতিরিক্ত পরিচালক ড. মো. জাহিদুল ইসলামসহ চারুকলা অনুষদের প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।
বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি আয়োজিত এ প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে চারুকলা অনুষদের শিক্ষকদের ওবিই কারিকুলাম প্রণয়ন ও বাস্তবায়নে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়।