জেলা প্রতিনিধি,পঞ্চগড় :
পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, কৃষকেরা যাতে নির্বিঘ্নে কৃষিকাজ করতে পারেন এনিয়ে তারেক রহমানের সরকার কাজ করে যাচ্ছে। তবে সার নিয়ে কেউ সংকট সৃষ্টি ও কারসাজি করতে চাইলে তাদের সোজা আইনের হাতে তুলে দিতে জেলা প্রশাসককে নির্দেশ দিয়েছেন প্রতিমন্ত্রী।
রোববার (১৯ জুলাই) দুপুরে পঞ্চগড়ের বোদা উপজেলার বোদা মডেল পাইলট সরকারি স্কুল এন্ড কলেজ মাঠে কৃষি ঋণ মওকুফ সনদপত্র প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন।
কৃষক বাঁচলে দেশ বাঁচবে, কৃষক উন্নত হলে দেশের উন্নতি হবে, কৃষক স্বাবলম্বী হলে দেশ স্বাবলম্বী হবে উল্লেখ করে প্রতিমন্ত্রী আরো বলেন, বাংলাদেশ কৃষি নির্ভর দেশ। বর্তমান সরকার কৃষিবান্ধব সরকার। তাই সার নিয়ে সংকট ও কারসাজি করলে সে যে দলের হোক, যে মতের হোক, যে ধর্মের হোক, এই ক্ষেত্রে কোনো ছাড় নেই, কোনো আপোষ নেই।
পরে পানিসম্পদ প্রতিমন্ত্রী অনুষ্ঠানের মাধ্যমে বোদা উপজেলার ৫ হাজার ৮৯০ জন কৃষকের ৮ কোটি ৭৩ লক্ষ টাকা কৃষি ঋণ মওকুফ সহ হাতে সনদপত্র তুলে দেন।
পরে প্রতিজনকে ৫টি করে ফলজ, বনজ সহ ২৯ হাজার ৪৫০ টি গাছের চারা বিতরণ করা হয়।
অনুষ্ঠানে জেলা প্রশাসক শুকরিয়া পারভীনের সভাপতিত্বে পুলিশ সুপার আবু সাইম, বোদা উপজেলার নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা আহেমদ রাশেদ উন নবী প্রমুখ বক্তব্য রাখেন।
এসময় বোদা উপজেলা বিএনপির সভাপতি, সাধারন সম্পাদক, পৌর বিএনপির সভাপতিসহ বোদা উপজেলার বিভিন্ন সরকারী বেসরকারি দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন ব্যাংকের প্রতিনিধি ও রাজনৈতিক দলের নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে কৃষকদের নিয়ে কৃষক আনন্দ মেলা অনুষ্ঠিত হয়।
কৃষকদের নিয়ে বিভিন্ন খেলাধুলার আয়োজন করা হয়।