নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ:
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে অভিযান চালিয়ে চোরাই মোটরসাইকেলসহ আন্তঃজেলা মোটরসাইকেল চোরচক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
মঙ্গলবার (২৫ আগস্ট) মুন্সীগঞ্জ জেলা পুলিশের মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পুলিশ জানায়, মুন্সীগঞ্জের পুলিশ সুপারের সার্বিক দিকনির্দেশনায় বিশেষ অভিযান পরিচালনার সময় জেলা গোয়েন্দা শাখার (ডিবি) এসআই (নিঃ) রিজাউল কাজী সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে টঙ্গীবাড়ী থানার উত্তর বেতকা এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় সিএনজি স্ট্যান্ডসংলগ্ন দলিল লেখকের অফিসের পেছন থেকে দুইজনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন—মোঃ কিরন শেখ (৩১), বেতকা বাজারের উত্তর পাশে শাহ আলমের টিনশেড বাড়ির ভাড়াটিয়া এবং মোঃ মামুন (৩৪), দক্ষিণ পাইকপাড়া এলাকার বাসিন্দা।
অভিযানকালে তাদের কাছ থেকে একটি পুরোনো নীল রঙের SUZUKI GIXER-SF 150 CC মোটরসাইকেল উদ্ধার করা হয়। মোটরসাইকেলটির রেজিস্ট্রেশন নম্বর ঢাকা মেট্রো ল-২৬-৮৭৪৭। এর ইঞ্জিন নম্বর BGA1272556 এবং চেসিস নম্বর MB8NG4BBBG9101589।
পুলিশের দাবি, গ্রেফতার দুই ব্যক্তির বিরুদ্ধে একাধিক মোটরসাইকেল চুরির মামলা রয়েছে।
এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে মুন্সীগঞ্জ জেলা পুলিশ।