নাসিরনগরে ঈদে মিলাদুন্নবীর জুলুসে বাধার অভিযোগ নিয়ে যা বললেন মুফতি মোজাম্মেল হক মাছুমি
মোঃ নাজিমুল হাসান (নাজির): (হবিগঞ্জ) প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পবিত্র ঈদে মিলাদুন্নবী ﷺ উপলক্ষে আয়োজিত জসনে জুলুসে বাধা দেওয়ার অভিযোগ নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন ঐতিহ্যবাহী ফান্দাউক দরবার শরীফের মোব-াল্লেগ মুফতি মোজাম্মেল হক মাছুমি।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে তিনি নাসিরনগরে ঈদে মিলাদুন্নবীর আয়োজন বন্ধের চেষ্টা এবং মৌলভীবাজার মডেল মসজিদের ইমামকে কিয়াম করার কারণে অপসারণের কথিত উদ্যোগ নিয়ে প্রশ্ন তোলেন।
স্ট্যাটাসে তিনি বলেন, ❝ব্রাহ্মণবাড়িয়ার পর শান্ত নাসিরনগরে ঈদে মিলাদুন্নবী ﷺ বন্ধ করতে চায় এবং মৌলভীবাজার মডেল মসজিদের ইমামকে কিয়াম করার কারণে অপসারণ করতে চায়—অথচ এসবকিছু প্রতিটি নাগরিকের রাষ্ট্রীয় এবং ধর্মীয় অধিকার।
তিনি আরও দাবি করেন, ধর্মীয় আচার-অনুষ্ঠান পালনের অধিকার নিয়ে কোনো ধরনের বাধা সৃষ্টি করা উচিত নয়। এ ধরনের বিষয়ে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করে তিনি বলেন, প্রশাসন দ্রুত এসব কথিত উগ্রবাদী ও ফ্যাসিস্ট কর্মকাণ্ড বন্ধে পদক্ষেপ না নিলে পরিস্থিতি বেসামাল হয়ে উঠতে পারে।
মুফতি মোজাম্মেল হক মাছুমি তাঁর বক্তব্যে ধর্মীয় স্বাধীনতা, নাগরিক অধিকার ও সামাজিক শান্তি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি বিষয়টি গুরুত্বসহকারে দেখার আহ্বান জানান।
তবে তাঁর স্ট্যাটাসে উত্থাপিত অভিযোগগুলোর বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসন বা অভিযুক্ত পক্ষের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।