পঞ্চগড় জেলা প্রতিনিধি :
পঞ্চগড়ের ঐতিহাসিক মহারাজার দিঘি থেকে মানিক হোসেন (১৭) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১৫ জুলাই) সকালে স্থানীয়রা মহারাজার দিঘিতে মরদেহটি ভাসতে দেখে পুলিশকে খবর দিলে পঞ্চগড় সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
পরে সুরতহাল রিপোর্ট প্রস্তুত শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়। মরদেহের সঙ্গে থাকা একটি চিরকুটও উদ্ধার করেছে পুলিশ।
চিরকুটে তার মৃত্যুর জন্য কয়েকজনকে দায়ী করার দাবি করা হয়েছে।
পঞ্চগড় সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আশরাফুল ইসলাম জানান, নিহতের পরিচয় শনাক্ত হয়েছে। তার নাম মানিক হোসেন (১৭)। তার পিতার নাম রইসউদ্দিন। বাড়ি পঞ্চগড় সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের মাগুরা এলাকার মালাদাম গ্রামে।
ওসি আরও জানান, মরদেহের সঙ্গে পাওয়া চিরকুটটি জব্দ করা হয়েছে। চিরকুটে উল্লেখিত বিষয়গুলোর সত্যতা যাচাইসহ ঘটনার সব দিক গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান তিনি।