বাঘাইছড়িতে দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত।
নোমাইনুল ইসলাম,
বাঘাইছড়ি ( রাঙ্গামাটি) প্রতিনিধি :
দুর্যোগ মোকাবিলায় সক্ষমতা বৃদ্ধি, আগাম প্রস্তুতি জোরদার এবং জানমালের ক্ষয়ক্ষতি কমানোর লক্ষ্যে রাঙামাটির বাঘাইছড়িতে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যদের নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা মিনি কনফারেন্স হলে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, ঢাকার ব্যবস্থাপনায় এবং উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা শাখা, বাঘাইছড়ির আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় উপজেলা নির্বাহী কর্মকর্তা আমেনা মারজান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাদিমুল ইসলাম, বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসির উদ্দিন মজুমদার, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নুর আলম, কাচালং সরকারি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কামাল হোসেন মীর, বাঘাইছড়ি প্রেসক্লাবের সভাপতি আব্দুল মাবুদ ও সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্য এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা অংশগ্রহণ করেন।
প্রশিক্ষক হিসেবে কর্মশালায় উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উপপরিচালক মো. আব্দুর রহমান।
প্রশিক্ষণে দুর্যোগের পূর্বপ্রস্তুতি, ঝুঁকি শনাক্তকরণ ও ঝুঁকি হ্রাস, জরুরি সাড়াদান, উদ্ধার কার্যক্রম পরিচালনা, আশ্রয়কেন্দ্র ব্যবস্থাপনা এবং স্ট্যান্ডিং অর্ডারস অন ডিজাস্টার (এসওডি) অনুযায়ী সংশ্লিষ্টদের দায়িত্ব ও করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি দুর্যোগকালীন উদ্ধার ও ত্রাণ কার্যক্রম পরিচালনা, দুর্যোগ-পরবর্তী ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর পুনর্বাসন এবং স্বাভাবিক জীবনযাত্রা ফিরিয়ে আনার বিভিন্ন কৌশল সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া হয়।
কর্মশালায় বক্তারা বলেন, পার্বত্য অঞ্চলের ভৌগোলিক অবস্থান ও প্রাকৃতিক বৈশিষ্ট্যের কারণে পাহাড়ধস, বন্যা, অতিবৃষ্টি ও ভূমিকম্পের মতো দুর্যোগের ঝুঁকি রয়েছে। এসব দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি, ঝুঁকি সম্পর্কে জনসচেতনতা এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোর মধ্যে সমন্বয় অত্যন্ত জরুরি।
তারা বলেন, দুর্যোগের সময় দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট সবার দায়িত্ব ও করণীয় সম্পর্কে সুস্পষ্ট ধারণা থাকা প্রয়োজন। এ ধরনের প্রশিক্ষণ কর্মশালার মাধ্যমে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যদের দক্ষতা ও সক্ষমতা বাড়বে, যা দুর্যোগকালীন জানমালের ক্ষয়ক্ষতি কমানোর পাশাপাশি ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।