বান্দরবান ইসলামিয়া আলিম মাদ্রাসার বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এমপি সাচিং প্রু।
মুহাম্মদ আলী, বান্দরবান জেলা প্রতিনিধি:
বান্দরবান ইসলামিয়া আলিম মাদ্রাসার উদ্যোগে উৎসবমুখর পরিবেশে বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান ৩আগস্ট সোমবার সকালে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের হাতে পুরস্কার ও সনদ তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩০০ নং আসনের সংসদ সদস্য সাচিং প্রু জেরি এমপি। সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ও পৌর প্রশাসক এস. এম. মঞ্জুরুল হক।
স্বাগত বক্তব্য দেন মাদ্রাসার অধ্যক্ষ বদরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও দৈনিক সচিত্র মৈত্রী পত্রিকার সম্পাদক অধ্যাপক ওসমান গনি এবং বান্দরবান জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট মোহাম্মদ আবুল কালাম।
এছাড়াও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের সিনিয়র আরবি প্রভাষক মাওলানা আব্দুল আউয়াল, মাওলানা বদিউল আলম, সিনিয়র শিক্ষক মাওলানা নুর মুহাম্মদ, মাওলানা মো. ওসমানী গনি, শিক্ষক মমতাজ বেগম, কারী ইলিয়াছ, মাওলানা আলী আকবর প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে সাচিং প্রু জেরি এমপি বলেন, শিক্ষা শুধু ভালো ফলাফলের মধ্যে সীমাবদ্ধ নয়; নৈতিক মূল্যবোধ, ধর্মীয় শিক্ষা ও আধুনিক জ্ঞানের সমন্বয়ে একজন আদর্শ, মানবিক ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে ওঠাই শিক্ষার মূল উদ্দেশ্য।
সভাপতির বক্তব্যে এস. এম. মঞ্জুরুল হক শিক্ষার মানোন্নয়নে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে তিনি মাদ্রাসার সার্বিক উন্নয়নে সহযোগিতার আশ্বাস দেন।
পরে মেধা, নিয়মিত উপস্থিতি, ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের হাতে অতিথিরা পুরস্কার ও সনদ তুলে দেন। শেষে শিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।