ভিক্ষা দিন—আপনার ১ টাকাই হয়তো একজনকে চাঁদাবাজির পথ থেকে দূরে রাখবে!
ডেস্ক রিপোর্ট খবর টিভি:
দীর্ঘ ১৭ বছর ধরে ‘সরকার দলীয়’ অনাহারী নেতাকর্মীদের পুনর্বাসনের দাবিতে এবার ব্যতিক্রমী ‘গণভিক্ষা’ কর্মসূচির আয়োজন করা হয়েছে। চাঁদাবাজির বিকল্প হিসেবে ‘পুনর্বাসন দানবক্স’ চালুর ঘোষণা দেওয়া হয়েছে।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, এই উদ্যোগের অংশ হিসেবে আজ বিকেল ৪টায় রাজধানীর বাংলামোটরে উন্মুক্ত করা হবে একটি বিশেষ দানবাক্স। সাধারণ মানুষের কাছ থেকে অনুদান সংগ্রহ করে কথিতভাবে দীর্ঘদিন ধরে বঞ্চিত নেতাকর্মীদের ‘জাতীয় পুনর্বাসনে’ কাজে লাগানোর কথা বলা হয়েছে।
কর্মসূচির প্রচারে বলা হয়েছে—‘দান করুন, চাঁদাবাজি বন্ধ করুন।’ পাশাপাশি ব্যঙ্গাত্মকভাবে আহ্বান জানানো হয়েছে, সতেরো বছরের ‘অভুক্ত চাঁদাবাজদের’ পুনর্বাসনে যে যার সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করতে।
আয়োজকদের ভাষ্য অনুযায়ী, একজনকে চাঁদাবাজির পথ থেকে দূরে রাখতে মানুষের সামান্য অনুদানও ভূমিকা রাখতে পারে। সেই উদ্দেশ্যেই প্রতীকীভাবে চালু করা হচ্ছে ‘পুনর্বাসন দানবক্স’।