মনোহরদীতে,আটগ্রাম ভিত্তিক ফুটবল টুর্নামেন্টের ফাইনালে বকচরের বিজয়ী দল পেল ফ্রিজ ও টেলিভিশন,
মোঃ তাজুল ইসলাম বাদল
মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি:
নরসিংদীর মনোহরদীতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে আটগ্রাম ভিত্তিক ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর জমজমাট ফাইনাল খেলা। শুক্রবার (৬ নভেম্বর) বিকেল ৩টায় আয়োজিত এ খেলায় মুখোমুখি হয় নামাগোতাশিয়া ফুটবল একাদশ ও বকচর ফুটবল একাদশ। নির্ধারিত সময়ের খেলা শেষে ম্যাচটি টাইব্রেকারে গড়ায়। টাইব্রেকারে নামাগোতাশিয়া ফুটবল একাদশকে পরাজিত করে বকচর ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনোহরদী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জনাব মনিরুজ্জামান মনির। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, খেলাধুলা যুবসমাজকে মা-দক, সন্ত্রাস ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তরুণ প্রজন্মকে সুস্থ ও সুন্দর সমাজ গঠনে খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান তিনি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক জনাব আর.টি. মামুন এবং গোতাশিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জনাব নাসিরউদ্দিন মোল্লা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোতাশিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি জনাব মো. আমিনুল ইসলাম। খেলার উদ্বোধন করেন মায়ান প্রকাশনী, ঢাকার পরিচালক মাহমুদুল হাসান মামুন। উদ্বোধকের বক্তব্যে তিনি বলেন, খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি পারস্পরিক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ গড়ে তোলে। এলাকার তরুণদের প্রতিভা বিকাশে এ ধরনের ফুটবল টুর্নামেন্ট নিয়মিত আয়োজনের ওপর গুরুত্বারোপ করে তিনি আরও বলেন, মা-দকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার কোনো বিকল্প নেই।
টুর্নামেন্ট আয়োজনে সার্বিক সহযোগিতায় ছিলেন প্রাইম ব্যাংক নরসিংদী শাখার সিনিয়র অফিসার তানভীর আহম্মদ মানিক এবং মনোহরদী উপজেলা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি জনাব রাকিব হাসান।
এ সময় আরও উপস্থিত ছিলেন গোতাশিয়া ইউনিয়ন যুবদলের সভাপতি রায়হান কবির আব্দুল্লাহ, জনাব আব্দুল খালেক, মজনু ফরাজী, আমির হোসেন, সাইদুর রহমান, নুরুল আমিন আফ্রাদ, হাসান আলী মাস্টার, খোরশেদ আলম, জাহাঙ্গীর মাস্টারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ক্রীড়াপ্রেমীরা।
খেলা শেষে বিজয়ী বকচর ফুটবল একাদশের হাতে প্রথম পুরস্কার হিসেবে একটি ফ্রিজ এবং রানার্সআপ নামাগোতাশিয়া ফুটবল একাদশের হাতে দ্বিতীয় পুরস্কার হিসেবে একটি টেলিভিশন তুলে দেওয়া হয়।
আয়োজকরা জানান, তরুণ সমাজকে খেলাধুলায় উৎসাহিত করা, মা-দক ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখা এবং এলাকার মধ্যে সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জোরদার করায় এ ধরনের ফুটবল টুর্নামেন্ট আয়োজনের অন্যতম উদ্দেশ্য।