রাবির আবাসিক হলগুলোর রিডিং রুমে বসছে এসি
মিনার আলম, রাজশাহী : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোর রিডিং রুমে শিক্ষার্থীদের পড়াশোনার পরিবেশ আরও আরামদায়ক করতে শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা (এসি) স্থাপনের উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ জন্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন থেকে প্রয়োজনীয় বাজেটও অনুমোদন করানো হয়েছে।
বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, আবাসিক হলগুলোর রিডিং রুমে পর্যায়ক্রমে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র স্থাপন করা হবে। এরই মধ্যে এ-সংক্রান্ত প্রয়োজনীয় প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। সোমবার (১৭ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপা-চার্য অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলাম।
উপা-চার্য বলেন, শিক্ষার্থীদের পড়াশোনার পরিবেশ আরও উন্নত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন সর্বোচ্চ চেষ্টা করে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন থেকে এ খাতে বাজেট অনুমোদন করিয়েছে। প্রয়োজনীয় সব প্রক্রিয়াও সম্পন্ন হয়েছে। সোমবার থেকেই পর্যায়ক্রমে রিডিং রুমগুলোতে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র স্থাপনের কাজ শুরু হবে।
বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোর রিডিং রুম শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনার অন্যতম প্রধান স্থান। বিশেষ করে পরীক্ষা ও গুরুত্বপূর্ণ একাডেমিক কার্যক্রমের সময় এসব কক্ষে দীর্ঘ সময় অবস্থান করেন শিক্ষার্থীরা। কিন্তু গ্রীষ্মকালে অতিরিক্ত গরম ও অস্বস্তির কারণে সেখানে মনোযোগ ধরে রাখা অনেকের জন্য কঠিন হয়ে পড়ে।
প্রশাসনের এই উদ্যোগে সন্তোষ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা। তাঁদের মতে, গরমের সময় রিডিং রুমে দীর্ঘক্ষণ পড়াশোনা করতে গিয়ে অতিরিক্ত তাপ ও অস্বস্তির কারণে নানা সমস্যায় পড়তে হতো। শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু হলে এ ভোগান্তি অনেকটাই কমবে।
শিক্ষার্থীরা আশা করছেন, রিডিং রুমগুলোতে শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা চালুর ফলে পড়াশোনার জন্য আরও স্বস্তিদায়ক পরিবেশ তৈরি হবে। এতে তাঁরা দীর্ঘ সময় মনোযোগ ধরে পড়াশোনা করতে পারবেন এবং এর ইতিবাচক প্রভাব পড়বে তাঁদের একাডেমিক কার্যক্রমেও।
তবে শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা স্থাপনের পাশাপাশি এর নিয়মিত রক্ষণাবেক্ষণ ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা গেলে উদ্যোগটির সুফল দীর্ঘমেয়াদে পাওয়া যাবে বলে মনে করছেন শিক্ষার্থীরা।