তাজা খবর
বিজ্ঞাপন

লামার সন্তান আরমানুল ইসলাম নয়ন এনসিপির ক্রীড়া সংগঠনের সাংগঠনিক সম্পাদক

Desk Editor 2 hours আগে | ০৬:২০ PM

লামার সন্তান আরমানুল ইসলাম নয়ন এনসিপির ক্রীড়া সংগঠনের সাংগঠনিক সম্পাদক

 

বিসিবিতে দায়িত্ব পালনের অভিজ্ঞতা, বান্দরবানের ক্রিকেট উন্নয়নে অবদান; এবার জাতীয় পর্যায়ে নতুন দায়িত্ব

 

নজরুল ইসলাম লামা (বান্দরবান) প্রতিনিধি।

 

বিজ্ঞাপন

বান্দরবানের লামা উপজেলার প্রত্যন্ত ইয়াংছা এলাকার সন্তান আরমানুল ইসলাম নয়ন জাতীয় পর্যায়ের ক্রীড়া সংগঠন ‘ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স’-এর সাংগঠনিক সম্পাদক হয়েছেন। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সঙ্গে আদর্শিক সম্পর্ক রেখে আত্মপ্রকাশ করা সংগঠন-টির ১০৩ সদস্যের আংশিক কেন্দ্রীয় কমিটিতে তাঁকে এ দায়িত্ব দেওয়া হয়েছে। গত ২ নভেম্বর সোমবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনের অডিটোরিয়ামে আনুষ্ঠানিকভাবে সংগঠন-টির আত্মপ্রকাশ ও কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়।

 

ক্রীড়াঙ্গনে সাংগঠনিক অভিজ্ঞতা, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে সম্পৃক্ততা এবং বান্দরবানের ক্রিকেট উন্নয়নে ভূমিকা রাখার অভিজ্ঞতা নিয়ে জাতীয় পর্যায়ে নতুন দায়িত্ব পেলেন তিনি। তাঁর এ অর্জনে লামা ও বান্দরবানের ক্রীড়াঙ্গনের সঙ্গে সংশ্লিষ্টদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।

বিজ্ঞাপন

 

আরমানুল ইসলাম নয়নের বাড়ি বান্দরবান জেলার লামা উপজেলার ৩ নম্বর ফাঁসিয়াখালী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইয়াংছা এলাকায়। তাঁর বাবা আব্দুল হামিদ এবং মা রেনু আরা বেগম। শৈশবে চকরিয়া গ্রামার স্কুলে প্রাথমিক শিক্ষা শেষ করেন তিনি। পরে ঢাকার ন্যাশনাল আইডিয়াল স্কুল থেকে মাধ্যমিক এবং ঐতিহ্যবাহী নটর ডেম কলেজ থেকে উচ্চমাধ্যমিক সম্পন্ন করেন। এরপর আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশের (এআইইউবি) ইংরেজি বিভাগে স্নাতক (বিএ) ডিগ্রি অর্জন করেন।

 

বিজ্ঞাপন

শিক্ষাজীবনের পাশাপাশি ক্রীড়া সংগঠক হিসেবেও নিজের অবস্থান তৈরি করেছেন নয়ন। বর্তমানে তিনি বান্দরবান জেলা থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করছেন। এ ছাড়া বিসিবির এইজ গ্রুপ টুর্নামেন্ট কমিটির সদস্যসচিব এবং এর আগে বিসিবির টুর্নামেন্ট কমিটির সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির ক্রীড়া সেলের সম্পাদক হিসেবেও দায়িত্ব পালনের অভিজ্ঞতা রয়েছে তাঁর।

 

বান্দরবানের ক্রিকেট উন্নয়নেও তাঁর ভূমিকার কথা উঠে এসেছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দীর্ঘ প্রায় দুই দশক ধরে বান্দরবান জেলায় ক্রিকেটের অবকাঠামোগত উন্নয়ন প্রত্যাশিত মাত্রায় হয়নি। এমন পরিস্থিতিতে বিসিবির মাধ্যমে জেলার জন্য দুটি ক্রিকেট পিচ ও একটি কংক্রিটের পিচের ব্যবস্থা করতে ভূমিকা রাখেন আরমানুল ইসলাম নয়ন। এ ছাড়া জেলার ক্রিকেটের অবকাঠামো ও খেলাধুলার পরিবেশ উন্নয়নে আরও বিভিন্ন উদ্যোগের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন তিনি।

বিজ্ঞাপন

 

ক্রীড়াঙ্গনে তাঁর এসব অভিজ্ঞতার ধারাবাহিকতায় এবার জাতীয় পর্যায়ের সংগঠন ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্সের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পেয়েছেন। সংগঠন-টির ছয় মাস মেয়াদি কেন্দ্রীয় কমিটিতে আহ্বায়ক করা হয়েছে ক্রীড়া সংগঠক ও ক্রিকেট বিশ্লেষক নাজমুল আবেদীন ফাহিমকে। সদস্যসচিব হয়েছেন বিসিবির সাবেক অর্থ কমিটির চেয়ারম্যান এম নাজমুল ইসলাম।

 

বিজ্ঞাপন

২ নভেম্বর রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে আয়োজিত আত্মপ্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, দলের জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং সংগীতশিল্পী আসিফ আকবরসহ ক্রীড়াঙ্গন ও রাজনৈতিক অঙ্গনের বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা।

 

নতুন দায়িত্ব পাওয়ার মধ্য দিয়ে আরমানুল ইসলাম নয়নের সামনে জাতীয় পর্যায়ে ক্রীড়া সংগঠনে কাজ করার আরও বড় পরিসর তৈরি হয়েছে। বিশেষ করে পাহাড়ি জেলা বান্দরবানের ক্রিকেট ও অন্যান্য খেলাধুলার সম্ভাবনা জাতীয় পর্যায়ে তুলে ধরা এবং স্থানীয় পর্যায়ে ক্রীড়ার অবকাঠামোগত উন্নয়নে তাঁর অভিজ্ঞতা কাজে লাগানোর সুযোগ তৈরি হয়েছে।

বিজ্ঞাপন

 

লামার ইয়াংছা এলাকার একজন সন্তান হিসেবে জাতীয় পর্যায়ে ক্রীড়া সংগঠনের গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়াকে স্থানীয় পর্যায়ে সম্ভাবনাময় অর্জন হিসেবে দেখা হচ্ছে। তাঁর এ দায়িত্বের মাধ্যমে পাহাড়ি জনপদের তরুণদের ক্রীড়াঙ্গনে এগিয়ে যাওয়ার সুযোগ ও স্থানীয় প্রতিভা বিকাশের বিষয়গুলো আরও গুরুত্ব পাবে—এমন প্রত্যাশা স্থানীয় ক্রীড়াপ্রেমীদের।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ