শহিদ লে. সেলিম শিক্ষালয়ের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
মোঃ কামরুল ইসলাম, বিশেষ প্রতিনিধি, ঢাকা।
বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে রাজধানীর মগবাজারে অবস্থিত শহিদ লে. সেলিম শিক্ষালয়ের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। গত ১ সেপ্টেম্বর শিক্ষালয় প্রাঙ্গণে দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান শিক্ষক সুলতানা রাজিয়া হোসেনের সভাপতিত্বে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে প্রতিষ্ঠাবার্ষিকীর তাৎপর্য তুলে ধরে বাংলা মাধ্যম ও ইংরেজি মাধ্যম শাখার দুজন সিনিয়র শিক্ষক বক্তব্য দেন। পরে প্রধান শিক্ষক সুলতানা রাজিয়া হোসেন শিক্ষালয়ের প্রতিষ্ঠালগ্ন থেকে যাঁরা বিভিন্নভাবে অবদান রেখেছেন, তাঁদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
বক্তারা বলেন, প্রতিষ্ঠার পর থেকেই শহিদ লে. সেলিম শিক্ষালয় শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা প্রদানের পাশাপাশি তাদের নৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক মূল্যবোধ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। ভবিষ্যতেও শিক্ষার গুণগত মান আরও উন্নত করার পাশাপাশি শিক্ষার্থীদের যোগ্য ও সুনাগরিক হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তাঁরা।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শিক্ষার্থীদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। শিক্ষক ও শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণে পুরো শিক্ষালয় প্রাঙ্গণ পরিণত হয় উৎসবমুখর পরিবেশে।
অনুষ্ঠানের শেষপর্বে প্রতিষ্ঠানের উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। পরে শিক্ষক, শিক্ষার্থী ও অতিথিদের মধ্যে শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে শহিদ লে. সেলিম শিক্ষালয়ের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন শেষ হয়।