মুন্সীগঞ্জ প্রতিনিধি
মঞ্চ প্রস্তুত, দাওয়াতপত্র বিতরণ ও প্রচার-প্রচারণার কাজ শেষ। অনুষ্ঠান আয়োজনের সব প্রস্তুতিও ছিল সম্পন্ন। এরই মধ্যে শেষ মুহূর্তে স্থগিত করা হয়েছে মুন্সীগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে ‘জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা ২০১৯-২০২৬’ অনুষ্ঠান।
আগামীকাল রোববার (১৩ সেপ্টেম্বর) জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে অনুষ্ঠান-টি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। ইতোমধ্যে অনুষ্ঠানস্থলে মঞ্চ প্রস্তুতের কাজ শেষ হয়েছে। পাশাপাশি সম্মাননা অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি, শিল্পী ও সংস্কৃতিকর্মীদের মধ্যে দাওয়াতপত্র বিতরণ এবং প্রচার-প্রচারণার কাজও সম্পন্ন করা হয়েছিল।
এমন পরিস্থিতিতে অনুষ্ঠানের মাত্র একদিন আগে স্থগিতের সিদ্ধান্তে সংস্কৃতিপ্রেমী, শিল্পী ও সুধীজনদের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে।
বিশেষ করে এবারের সম্মাননা প্রাপকদের নির্বাচন নিয়ে ইতোমধ্যে বিভিন্ন মহলে আলোচনা-সমালোচনা ও বিতর্ক তৈরি হয়েছিল বলে জানা গেছে। এ বিষয়ে গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশের পর বিষয়টি আরও আলোচনায় আসে।
সংশ্লিষ্টদের কেউ কেউ মনে করছেন, সম্মাননা প্রাপকদের তালিকা নিয়ে তৈরি হওয়া বিতর্কের কারণেই শেষ মুহূর্তে অনুষ্ঠান স্থগিত করা হয়ে থাকতে পারে। তবে এ ধরনের কোনো কারণ জেলা শিল্পকলা একাডেমি কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে জানায়নি।
জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার জানান, অনুষ্ঠানের প্রধান অতিথি সংসদ সদস্য কামরুজ্জামান রতন ওইদিন অন্য একটি কর্মসূচিতে ব্যস্ত থাকায় অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারবেন না বলে জানিয়েছেন। পরে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অনুষ্ঠান-টি স্থগিতের কথা জানান।
কালচারাল অফিসারের ভাষ্য অনুযায়ী, প্রধান অতিথির উপস্থিতি নিশ্চিত না হওয়ায় আগামী ১৩ সেপ্টেম্বরের নির্ধারিত অনুষ্ঠান-টি স্থগিত করা হয়েছে।
তবে অনুষ্ঠানের সব প্রস্তুতি সম্পন্ন হওয়ার পর শেষ মুহূর্তে স্থগিতের ঘটনায় এর প্রকৃত কারণ নিয়ে প্রশ্ন উঠেছে। বিশেষ করে সম্মাননা প্রাপকদের তালিকা নিয়ে চলমান আলোচনা-সমালোচনার সঙ্গে স্থগিতের সিদ্ধান্তের কোনো সম্পর্ক রয়েছে কি না—তা নিয়েও স্পষ্ট ব্যাখ্যা দাবি করছেন সংশ্লিষ্টরা।
এখন সবার নজর নতুন তারিখ ঘোষণার দিকে। একই সঙ্গে নতুন তারিখে অনুষ্ঠান-টি কবে অনুষ্ঠিত হবে, সম্মাননা প্রাপকদের তালিকায় কোনো পরিবর্তন আসবে কি না এবং চলমান বিতর্কের বিষয়ে কর্তৃপক্ষ কোনো ব্যাখ্যা দেবে কি না—এসব প্রশ্নের উত্তরও প্রত্যাশা করছেন শিল্পী ও সংস্কৃতিকর্মীরা।
জেলা শিল্পকলা একাডেমি কর্তৃপক্ষের পরবর্তী আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত এসব প্রশ্নের উত্তর মিলছে না।