সিরাজগঞ্জের উল্লাপাড়ায় চাঁদাবাজি ও মারামারির দুই মামলায় বিএনপি নেতা আজাদ সহ ৬ জন গ্রেপ্তার
সিরাজগঞ্জঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় চাঁদাবাজি ও মারামারির পৃথক দুটি মামলায় উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আজাদ হোসেন সহ ৬ আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আটককৃত সকলেই পৌরশহরের ঝিকিড়া গ্রামের বাসিন্দা
আটককৃতরা হলেন, উপজেলার পৌর শহরের ঝিকিরা এলাকার আব্দুল বারেকের ছেলে মো. আশিক (১৯), ইদ্রিস আলীর ছেলে রবিউল ইসলাম, কেসমতের ছেলে মনতাজ, ছিকু প্রামাণিকের ছেলে শাহাদাত হোসেন, চান উল্লার ছেলে আব্দুল মোমেন এবং দুটি মামলার প্রধান আসামি উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আজাদ হোসেন।
উল্লাপাড়া মডেল থানা সুত্রে জানা যায়, ২৫ জুলাই থানা এলাকায় বিএনপি নেতা জাহিদুল ইসলাম মিস্টারকে মা-রধরের ঘটনায় তিনি বাদী হয়ে গত ২৬ জুলাই রাতে আজাদ হোসেনকে প্রধান আসামী করে মামলা দায়ের করেন। আরো একটি মামলা করেন আলমগীর হোসেন নামে এক ব্যক্তি। পরবর্তীতে থানার অফিসার ইনচার্জ, এ এফ এম মনিরুজ্জামান মন্ডলের নেতৃত্বে পুলিশের একটি দল সোমবার ভোররাতে নিজ বাড়িতে অভিযান চালিয়ে আটক করে।
এবিষয়ে উল্লাপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ, এ.এফ.এম. মনিরুজ্জামান মণ্ডল বলেন, সোমবার ভোর রাতে মারামারি ও চাঁদাবাজির পৃথক দুই মামলায় আজাদ হোসেন সহ আরো ৫ আসামিদের গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে তাদের আদালতে পাঠানো হয়েছে।