শ্রীনগরে চোরাইকৃত গরু উদ্ধার, চোর চক্রের দুই সদস্য গ্রেপ্তার।
মুন্সীগঞ্জ প্রতিনিধি:
মুন্সীগঞ্জের শ্রীনগর থানা পুলিশের বিশেষ অভিযানে চোরাইকৃত একটি ষাঁড় গরু উদ্ধার এবং আন্তঃজেলা গরুচোর চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, শ্রীনগর উপজেলার শ্যামসিদ্ধি ইউনিয়নের মত্তগ্রামের বাসিন্দা ছায়েদ মৃধা (৭২) গত ১৭ জুলাই শ্রীনগর থানায় একটি গরু চুরির অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি জানান, ১৬ জুলাই রাতে গোয়ালঘরে সাতটি গরু রেখে পরিবারের সদস্যরা ঘুমিয়ে পড়েন। পরদিন সকালে উঠে দেখেন, প্রায় ১৮ মাস বয়সী একটি কালো রঙের ষাঁড় গরু চুরি হয়ে গেছে। যার আনুমানিক মূল্য ৭০ হাজার টাকা।
মামলা রুজুর পর মুন্সীগঞ্জের পুলিশ সুপার মো. মেনহাজুল আলম, পিপিএম-এর নির্দেশনায় শ্রীনগর থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে পুলিশ পরিদর্শক (তদন্ত), এসআই মো. মোয়াজ্জেম হোসেনসহ একটি চৌকস দল অভিযান পরিচালনা করে। গোয়েন্দা তথ্য বিশ্লেষণ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় শ্রীনগর, সিরাজদিখান, লৌহজং এবং পদ্মা সেতু উত্তর এলাকায় অভিযান চালানো হয়।
অভিযানে ২১ জুলাই শ্রীনগরের পাটাভোগ এলাকা থেকে আন্তঃজেলা গরুচোর চক্রের সদস্য মাহিদুল ইসলাম (৩৭) ও সোহেল ব্যাপারী (৩৮)-কে গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে পাটাভোগ ইউনিয়নের একটি পরিত্যক্ত ঘরের সামনে আমগাছের সঙ্গে বাঁধা অবস্থায় চোরাইকৃত কালো রঙের ষাঁড় গরুটি উদ্ধার করা হয়।
গ্রেপ্তার মাহিদুল ইসলামের বাড়ি কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলায় হলেও তিনি বর্তমানে শ্রীনগরের পাটাভোগ এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন। অপর আসামি সোহেল ব্যাপারী শ্রীনগর উপজেলার ষোলঘর ইউনিয়নের সমসাবাদ পশ্চিম চকেরপাড়া এলাকার বাসিন্দা।
উদ্ধার হওয়া গরুটি জব্দ করে আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তার দুই আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে শ্রীনগর থানা পুলিশ।