গাইবান্ধায় ছিনতাইকৃত ২২টি মোবাইল উদ্ধার, ছিনতাইকারীসহ গ্রেপ্তার ৩।
গাইবান্ধা প্রতিনিধি মোঃ জাফর ইকব-াল রানার পাঠানোর তথ্য চিত্রে বিস্তারিত।
গাইবান্ধা সদর থানার একটি ছিনতাই মামলার তদন্তে বিশেষ অভিযান চালিয়ে ছিনতাইকৃত ২২টি মোবাইল ফোন উদ্ধার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ সময় ছিনতাইকারী চক্রের এক সদস্য এবং চোরাই মোবাইল ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত আরও দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, গাইবান্ধা সদর থানার মামলা নং-৩৪, তারিখ ২২ জুলাই ২০২৬, পেনাল কোডের ৩৯২ ধারায় দায়ের হওয়া ছিনতাই মামলার তদন্তে পুলিশ সুপার মো. জসিম উদ্দীনের সার্বিক নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা তথ্যপ্রযুক্তির সহায়তায় বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযানে ২৩ জুলাই দুপুর সাড়ে ১২টার দিকে গাইবান্ধা শহরের ইসলামিয়া উচ্চ বিদ্যালয় মোড় এলাকা থেকে মামলার এজাহারভুক্ত আসামি মো. আয়াত খান (২৫), পিতা- মো. মিলু খান, গ্রাম- মধ্যপাড়া,কে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ফিরোজা মার্চেন্ট প্লাজার আরিয়ান টেলিকম নামের একটি পুরাতন মোবাইল ফোনের দোকানে অভিযান চালিয়ে ছিনতাইকৃত মোবাইল ফোন উদ্ধার করা হয়।
এ সময় চোরাই মোবাইল ক্রয়-বিক্রয়ের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে দোকানের যৌথ মালিক মো. মাসুম মিয়া (৩০), পিতা- মো. জবিয়াল শেখ, গ্রাম- খামার বল্লমঝাড় এবং মো. রানা (২৮), পিতা- মো. আমিনুল ইসলাম, গ্রাম- রিফাইতপুর, থানা ও জেলা- গাইবান্ধা সদরকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের দাবি, অভিযানে মোট ২০টি পুরাতন অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও ২টি বাটন ফোনসহ সর্বমোট ২২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
এছাড়া প্রাথমিক তদন্তে জানা গেছে, গ্রেপ্তার হওয়া আয়াত খানের বিরুদ্ধে গাইবান্ধা সদর থানায় পূর্বে মোট ১০টি মামলা রয়েছে।
এদিকে, এ ঘটনায় আয়োজিত প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. শরীফ আল রাজীব (পিপিএম), অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) শেখ মুত্তাজুল ইসলাম, জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (নিঃ) পুলিশ পরিদর্শক মো. আব্দুল মোত্তালিব সরকারসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।