মোঃ বাবুল মিয়া ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি
ডিজিটাল স্ক্রিনের ভিড়ে যখন গ্রামবাংলার হাজার বছরের লোকজ সংস্কৃতি প্রায় বিলুপ্তির পথে, ঠিক তখনই ঐতিহ্যকে জাগ্রত রাখার এক অনন্য আলো ছড়ালেন জামালপুরের দুই ভাই। মেলান্দহের ঝাউগড়া ইউনিয়নের শেখ সাদী নয়াপাড়া গ্রামে তাঁদের লাঠির কসরত আর ঢোলের শব্দে মেঠো ময়দানে নামলো হাজারো মানুষের ঢল।
শুক্রবার বিকেলে শত শত ঢোলের ‘তা-ধিন-ধিন’ রিমিক তাল আর বাঁশের লাঠির শাঁ-শাঁ গর্জনে এক উৎসবমুখর আবহ তৈরি হয় পুরো এলাকায়। বিলুপ্তপ্রায় এই গ্রামীণ কৃষ্টিকে সগৌরবে স্মরণ করিয়ে দিতে মুখোমুখি হন গ্রামেরই দুই সন্তান—বড় ভাই মো: শাহজাহান তালুকদার ও ছোট ভাই মুসলিম উদ্দিন।
রক-্তের গভীর টান ভুলে লাঠির ময়দানে কেউ কাউকে ছাড় দেননি একচুলও। অভিজ্ঞতার সুনিপুণ ছন্দে বড় ভাই শাহজাহান তালুকদার আক্-রমণের চাল চাললে, বিদ্যুৎগতিতে তা শূন্যেই প্রতিহত করেন ছোট ভাই মুসলিম উদ্দিন। দুই ভাইয়ের এই রোমাঞ্চকর লড়াই ও লাঠির ঠোকাঠুকির দৃশ্য দেখতে আশপাশের কয়েকটি গ্রামের সর্বস্তরের মানুষ মাঠে ভিড় জমায়।
আজকের নতুন প্রজন্ম যখন কৃত্রিম বিনোদনে বুঁদ, তখন কোনো বাণিজ্যিক স্বার্থ ছাড়া দুই ভাইয়ের এই নিঃস্বার্থ উদ্যোগ সুশীল সমাজের নজরে এসেছে।
স্থানীয় সচেতন মহলের মতে, শাহজাহান ও মুসলিম উদ্দিন শুধু একটি ঐতিহ্যবাহী খেলাই প্রদর্শন করেননি, বরং বিলুপ্তির মুখ থেকে গ্রামীণ মেলবন্ধন ও আমাদের মাটির টানকে নতুন করে জাগিয়ে তুলেছেন।