তাজা খবর
বিজ্ঞাপন

যানজট নিরসনে মুন্সীগঞ্জ শহরে মিশুক-অটোরিকশা নিয়ন্ত্রণের উদ্যোগ

Liton mahmud 1 minute আগে | ১০:১৯ PM

মুন্সীগঞ্জ প্রতিনিধি:

মুন্সীগঞ্জ শহরে অটোরিকশা ও মিশুকের চলাচল নিয়ন্ত্রণ, যানজট নিরসন এবং সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে মালিক-চালক ও সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে জেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান।

সভায় পুলিশ সুপার মো. মেনহাজুল আলম, পিপিএম; জেলা পরিষদের প্রশাসক এ. কে. এম. ইরাদত; স্থানীয় সরকারের উপপরিচালক মৌসুমী মাহবুব; অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মাহমুদুর রহমান খোন্দকার; মুন্সীগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আতিকুর রহমান টিপু ও সাধারণ সম্পাদক গোলজার হোসেনসহ অটোরিকশা-মিশুক মালিক-চালক সমিতির নেতৃবৃন্দ এবং রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, মুন্সীগঞ্জ পৌরসভার সড়কের ধারণক্ষমতার তুলনায় অটোরিকশা ও মিশুকের সংখ্যা বেশি হওয়ায় শহরে প্রতিনিয়ত যানজট বাড়ছে। এর সঙ্গে যুক্ত হয়েছে সড়কের বিভিন্ন স্থানে যত্রতত্র পার্কিং। ফলে ব্যস্ত সময়ে যান চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি পথচারী ও সাধারণ যাত্রীদের দুর্ভোগও বাড়ছে।

শহরের যানজট কমিয়ে সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে অটোরিকশা ও মিশুকের সংখ্যা এবং চলাচল ব্যবস্থাপনায় কার্যকর পদক্ষেপ নেওয়ার ওপর সভায় গুরুত্বারোপ করা হয়।

সভায় আরও জানানো হয়, মুন্সীগঞ্জ পৌরসভা এরই মধ্যে অটোরিকশা-মিশুকের সংখ্যা সীমিতকরণ ও চলাচল নিয়ন্ত্রণে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। তবে সংশ্লিষ্ট মালিক-চালক সমিতিসহ বিভিন্ন পক্ষের অসহযোগিতার কারণে এসব উদ্যোগ প্রত্যাশিতভাবে বাস্তবায়ন করা সম্ভব হয়নি। ভবিষ্যতে সড়কে শৃঙ্খলা নিশ্চিত করতে প্রশাসন ও পুলিশের পক্ষ থেকে আইনানুগ ব্যবস্থা কঠোরভাবে বাস্তবায়নের বিষয়ে সতর্ক করা হয়।

এদিকে অটোরিকশা ও মিশুককে লাইসেন্সিংয়ের আওতায় আনার লক্ষ্যে সরকার নীতিমালা প্রণয়নের কাজ করছে বলেও সভায় জানানো হয়। নীতিমালা প্রকাশের পর সংশ্লিষ্ট সবাইকে তা মেনে আইন ও বিধিবিধানের আওতায় আসতে হবে।

সভায় অটোরিকশা ও মিশুকে অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়টিও গুরুত্বের সঙ্গে আলোচনা করা হয়। বক্তারা বলেন, যাত্রীদের কাছ থেকে নির্ধারিত হারের চেয়ে বেশি ভাড়া আদায়ের অভিযোগ রয়েছে। এতে সাধারণ যাত্রীরা আর্থিকভাবে হয়র-ানির শিকার হচ্ছেন।

এ সমস্যা সমাধানে মালিক-চালক সমিতিগুলো নিজেদের মধ্যে আলোচনা করে মুন্সীগঞ্জ পৌরসভার সঙ্গে সমন্বয়ের মাধ্যমে একটি যৌক্তিক ও নির্ধারিত ভাড়া কাঠামো প্রণয়নের ওপর গুরুত্ব দেওয়া হয়। নির্ধারিত ভাড়ার অতিরিক্ত আদায় করা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও সভায় সতর্ক করা হয়।

সভায় প্রশাসনের পক্ষ থেকে বলা হয়, মুন্সীগঞ্জ শহরকে যানজটমুক্ত, সুশৃঙ্খল ও জনবান্ধব হিসেবে গড়ে তুলতে শুধু প্রশাসন বা পুলিশের উদ্যোগ যথেষ্ট নয়। এ জন্য পৌরসভা, অটোরিকশা-মিশুক মালিক-চালক, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সাধারণ জনগণের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন। এ বিষয়ে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ