মোঃ বাবুল মিয়া ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি
স্থানীয় পর্যায়ে স্বল্প ব্যয়ে ও দ্রুত সময়ে বিচারিক সেবা পৌঁছে দেওয়া এবং গ্রাম আদালতকে আরও জনবান্ধব করার লক্ষ্যে ময়মনসিংহে এক গুরুত্বপূর্ণ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ আগস্ট) ময়মনসিংহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বিভাগীয় প্রশাসন ও স্থানীয় সরকার বিভাগের যৌথ আয়োজনে ‘গ্রাম আদালত কার্যক্রম পর্যালোচনা ও স্থায়িত্বশীলকরণ পরিকল্পনা’ শীর্ষক এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব এবং ‘বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়)’ প্রকল্পের জাতীয় প্রকল্প পরিচালক সুরাইয়া আখতার জাহান।
ময়মনসিংহ বিভাগের পরিচালক (অ.দা.) জন কেনেডি জাম্বিলের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা প্রশাসক মো. সাইফুর রহমান এবং স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব ড. শাহেদ মোস্তফা।
সভায় বক্তারা বলেন, গ্রাম আদালত জনগণের দোরগোড়ায় ন্যায়বিচার পৌঁছে দেওয়ার একটি অনন্য ও কার্যকর মাধ্যম। স্থানীয় পর্যায়ে ছোটখাটো দেওয়ানি ও ফৌজদারি বিরোধ নিষ্পত্তির মাধ্যমে এ আদালত যেমন উচ্চতর আদালতগুলোর ওপর মামলার চাপ কমাচ্ছে, তেমনি সামাজিক সম্প্রীতি, পারস্পরিক আস্থা ও শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিতেও অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
অনুষ্ঠানে ময়মনসিংহ বিভাগে গ্রাম আদালতের কার্যক্রমের সার্বিক অগ্রগতি তুলে ধরেন বিভাগীয় কমিশনারের কার্যালয়ের উপপরিচালক বিপিন চন্দ্র বিশ্বাস।
সভায় উন্নয়ন সহযোগী সংস্থা ইউএনডিপি’র পক্ষ থেকে উপস্থিত ছিলেন জাতীয় প্রকল্প সমন্বয়ক বিভাষ চক্রবর্তী, প্রোগ্রাম এনালিস্ট শংকর পাল এবং প্রজেক্ট এনালিস্ট মো. শাহাদাত হোসেন। এছাড়া বিভিন্ন উপজেলার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও), জেলা তথ্য অফিসার, ডিআরটি ও ভিসিএমসি সদস্য এবং ডিস্ট্রিক্ট ম্যানেজারগণসহ সংশ্লিষ্ট অংশীজনরা অংশ নেন।
সভায় গ্রাম আদালতের কার্যক্রমকে আরও কার্যকর, জনবান্ধব ও টেকসই করতে অভিজ্ঞতা বিনিময়, বিদ্যমান চ্যালেঞ্জ চিহ্নিতকরণ এবং বাস্তবসম্মত করণীয় নির্ধারণের ওপর গুরুত্বারোপ করা হয়। একই সাথে স্থানীয় পর্যায়ে ন্যায়বিচার নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকল অংশীজনের সমন্বিত ভূমিকা আরও শক্তিশালী করার আহ্বান জানানো হয়।