টাঙ্গুয়ার হাওরে সংরক্ষিত এলাকায় অবৈধ প্রবেশ: ৬ হাউসবোটকে জরিমানা।
মেরাজ বিন আশকর: তাহিরপুর (সুনামগঞ্জ)
টাঙ্গুয়ার হাওরের পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণে জেলা প্রশাসন, সুনামগঞ্জ এবং পরিবেশ অধিদপ্তর যৌথভাবে মঙ্গলবার (৪ আগস্ট) প্রতিবেশগত সংকটাপন্ন (ইসিএ) এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে।
অভিযানে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত-২০১০)-এর সংশ্লিষ্ট বিধান লঙ্ঘন করে সংরক্ষিত এলাকায় অবৈধভাবে প্রবেশ ও পরিবেশ দূষণের অভিযোগে ৬টি হাউসবোটকে মোট ১৮ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয় এবং তা আদায় করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাকিবুর রহমান। প্রসিকিউশন পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তর, সুনামগঞ্জ জেলা কার্যালয়ের পরিদর্শক মো. সাইফুল ইসলাম। অভিযানে সার্বিক সহায়তা প্রদান করে তাহিরপুর থানা পুলিশ।
এ সময় হাউসবোটের যাত্রী ও পর্যটকদের মধ্যে টাঙ্গুয়ার হাওরের পরিবেশ সংরক্ষণে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, রামসার সাইট ও টাঙ্গুয়ার হাওরের পরিবেশ এবং জীববৈচিত্র্য রক্ষায় ভবিষ্যতেও এ ধরনের অভিযান ও সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।