মোঃ বাবুল মিয়া ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি
শেরপুরের নালিতাবাড়ী উপজেলার পানিহাতা সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় ঔষধ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধারকৃত এসব ঔষধের সিজার মূল্য নির্ধারণ করা হয়েছে ৮১,২০,৮০০ (একাশি লাখ বিশ হাজার আটশত) টাকা।
প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (০৬ আগস্ট) ভোর আনুমানিক ০৩:৩০ ঘটিকায় ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর একটি বিশেষ টহল দল নালিতাবাড়ী উপজেলার পানিহাতা নামক স্থানে এই অভিযান পরিচালনা করে।
বিজিবি জানায়, সীমান্তে চোরাকারবারীরা অত্যন্ত অভিনব ও ভিন্ন কৌশল অবলম্বন করে ভারত থেকে অবৈধভাবে বিপুল পরিমাণ ঔষধ পা-চারের অপচেষ্টা চালাচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে বিষয়টি নিশ্চিত হয়ে বিজিবির টহল দল পানিহাতা এলাকায় কৌশলগত অবস্থান নেয় এবং অভিযান চালিয়ে ঔষধের পুরো চালান-টি আটক করতে সক্ষম হয়।
ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর অধিনায়ক জানান, ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমানা সুরক্ষা নিশ্চিত করতে বিজিবি সর্বদা বদ্ধপরিকর। সীমান্ত দিয়ে যেকোনো ধরনের অবৈধ মালামাল চোরা-চালান, মা-দক পা-চার এবং অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবি সদস্যরা দিনরাত ২৪ ঘণ্টা নিরবিচ্ছিন্নভাবে দায়িত্ব পালন করছেন। সীমান্ত এলাকায় যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ড দমনে বিজিবির এই জিরো টলারেন্স ও কঠোর নীতি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।