সিরাজগঞ্জের তাড়াশে মেয়ের বিয়ের প্রস্তুতির মধ্যেই কৃষকের গোয়ালঘর থেকে চারটি গরু চুরির ঘটনা ঘটেছে। এতে বিয়েবাড়িতে নেমে এসেছে দুশ্চিন্তা।
বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতে উপজেলার বারুহাস ইউনিয়নের পেংগুয়ারী গ্রামে মন্টু আলীর বাড়িতে এ চুরির ঘটনা ঘটে।
ভুক্তভোগী মন্টু আলী জানান, শুক্রবার তার মেয়ের বিয়ে। বিয়েকে সামনে রেখে বাড়িতে নানা প্রস্তুতি চলছিল। এর মধ্যেই রাতের কোনো একসময় চোরেরা গোয়ালঘরে ঢুকে চারটি গরু চুরি করে নিয়ে যায়। সকালে গোয়ালঘরে গিয়ে গরু না পেয়ে বিষয়টি জানতে পারেন তিনি। এতে বিয়ের আনন্দের মধ্যেও পরিবারে নেমে এসেছে উদ্বেগ ও হতাশা।
ভুক্তভোগী কৃষক মন্টু আলী বলেন, “মেয়ের বিয়ের জন্য বাড়িতে প্রস্তুতি চলছিল। এর মধ্যেই গোয়াল থেকে চারটি গরু চুরি হয়ে গেছে। আমরা খুবই দুশ্চিন্তায় পড়েছি।
এ বিষয়ে তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইমাম জাফর জানান, গরু চুরির বিষয়টি পুলিশকে জানানো হয়েছে। ঘটনাটি তদন্ত করে চুরি যাওয়া গরু উদ্ধার ও জড়িতদের শনাক্তে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয়রা জানান, সাম্প্রতিক সময়ে এলাকায় গরু চুরির ঘটনায় কৃষক ও খামারিদের মধ্যে উদ্বেগ বেড়েছে। রাতের বেলায় গোয়ালঘর ও বাড়িঘরের নিরাপত্তা জোরদারে পুলিশের টহল বাড়ানোর দাবি জানিয়েছেন তারা।