তাজা খবর
বিজ্ঞাপন

শেরপুরে এসএসসিতে গণফেল, ছয় ঘণ্টা শিক্ষকদের তালাবদ্ধ রেখে বিক্ষোভ

Desk Editor ৩২ দিন আগে | ১২:৫৩ PM

শেরপুর সদর উপজেলার রামেরচর হাই স্কুলে এসএসসি পরীক্ষায় ৭৮ জন শিক্ষার্থীর মধ্যে ৫৭ জন অকৃতকার্য হওয়ায় ক্ষুব্ধ হয়ে বিক্ষোভ করেছেন শিক্ষার্থী ও অভিভাবকরা। একপর্যায়ে বিদ্যালয়ের শিক্ষকদের কার্যালয়ের ভেতরে রেখে বাইরে থেকে তালা লাগিয়ে দেওয়া হয়। প্রায় ছয় ঘণ্টা পর পুলিশের উপস্থিতিতে আলোচনা ও সমঝোতার মাধ্যমে শিক্ষকদের মুক্ত করা হয়।

সোমবার এসএসসি পরীক্ষার ফল প্রকাশের পর এ ঘটনা ঘটে। দুপুর ১২টার দিকে বিক্ষুব্ধ শিক্ষার্থী ও অভিভাবকরা শিক্ষকদের কার্যালয়ে তালা লাগিয়ে দেন। পরে সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে তাদের অবরুদ্ধ অবস্থা থেকে মুক্ত করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, চলতি বছর রামেরচর হাই স্কুল থেকে তিন-টি বিভাগে মোট ৭৮ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে পাস করেছে মাত্র ২১ জন। অকৃতকার্য হয়েছে ৫৭ জন। মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি। আর বিজ্ঞান বিভাগে ফেল করেছে ৪৩ জন।

ফল প্রকাশের পর শিক্ষার্থী ও অভিভাবকরা বিদ্যালয়ে গিয়ে শিক্ষকদের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে বিক্ষোভ শুরু করেন। তাদের অভিযোগ, বিদ্যালয়ে নিয়মিত ক্লাস হয় না এবং অধিকাংশ শিক্ষক সময়মতো বিদ্যালয়ে উপস্থিত হন না। শিক্ষকদের অবহেলা ও দায়িত্বহীনতার কারণেই প্রতিবছর বিপুলসংখ্যক শিক্ষার্থী অকৃতকার্য হচ্ছে বলে দাবি করেন তারা।

বিজ্ঞাপন

খবর পেয়ে শেরপুর সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে পুলিশ ও স্থানীয়দের উপস্থিতিতে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের মধ্যে দীর্ঘ সময় আলোচনা হয়।

আলোচনা শেষে শিক্ষকদের পক্ষ থেকে লিখিত অঙ্গীকার দেওয়া হলে তাদের মুক্ত করা হয়। অঙ্গীকারে শিক্ষকরা জানান, এবারের এসএসসি পরীক্ষায় অকৃতকার্য সব শিক্ষার্থীর বোর্ড চ্যালেঞ্জের ফি এবং ২০২৭ সালে পুনরায় পরীক্ষায় অংশগ্রহণের ফরম পূরণের খরচ তারা নিজেদের অর্থায়নে বহন করবেন।

শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা বলেন, শিক্ষকদের অবরুদ্ধ করার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরিস্থিতি শান্ত করে শিক্ষকদের উদ্ধার করা হয়েছে। পরে উভয়পক্ষ আলোচনার মাধ্যমে সমঝোতায় পৌঁছায়।

বিজ্ঞাপন

শেরপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা চান মিয়া বলেন, তিনি ঘটনার বিষয়ে জানতে পেরেছেন। তবে এখন পর্যন্ত স্কুল কর্তৃপক্ষ বা শিক্ষকদের বিরুদ্ধে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। সুনির্দিষ্ট অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে, চলতি বছর শেরপুর জেলায় এসএসসি পরীক্ষায় ১৪ হাজার ৯৩৭ জন শিক্ষার্থী অংশ নিয়ে পাস করেছে ৮ হাজার ২৭৭ জন। জেলায় পাসের হার ৫৫ দশমিক ৪১ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৭৯২ জন।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আপনার মতামত জানান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হোম
লাইভ