মেধাবী শিক্ষার্থীদের দেশ গড়ার কারিগর হিসেবে গড়তে হবে: এমপি এমরান আহমদ চৌধুরী।
সিলেট প্রতিনিধি :
সিলেট-৬ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন- আজকের কৃতি শিক্ষার্থীরাই আগামী দিনের ভবিষ্যৎ এবং দেশের নেতৃত্ব দেবে, তাদের মেধার সঠিক বিকাশ ঘটিয়ে সুনাগরিক ও দেশ গড়ার কারিগর হিসেবে গড়ে উঠতে হবে।
বুধবার (১২ আগস্ট) দুপুরে বিয়ানীবাজারে প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫-এর ১৩৩ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
‘মেধার বিকাশ, স্বপ্নের সূচনা’ এই স্লোগানকে সামনে রেখে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এই সংবর্ধনা অনুষ্ঠান-টির আয়োজন করা হয়।
বিয়ানীবাজার উপজেলার নির্বাহী অফিসার উম্মে হাবিবা মজুমদারের সভাপতিত্বে ও শিক্ষক তন্ময় পাল চৌধুরীর পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন বিয়ানীবাজার থানার ওসি আবু জাফর মো. মাহফুজুল করিম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নৃপেন্দ্র নাথ তালুকদার, জেলা বিএনপির শি-শু বিষয়ক সম্পাদক ছিদ্দিক আহমদ, উপজেলা বিএনপির স্থগিতকৃত সাধারণ সম্পাদক সরওয়ার হোসেন ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন, সহকারী শিক্ষা কর্মকর্তা পারভেজ তালুকদার ও একলাছ মিয়া সহ আরো অনেকে।
অতিথিরা বলেন- শিক্ষার্থীদের পড়ালেখায় আরও বেশি মনোযোগী হতে হবে এবং অভিভাবকদের নিজ নিজ সন্তানের প্রতি যত্নশীল থাকতে হবে যাতে তারা দেশ ও সমাজের কল্যাণে ভূমিকা রাখতে পারে।
অনুষ্ঠান শেষে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কৃতকার্য মেধাবী শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক ও ক্রেস্ট তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।
এদিকে দুপুর দেড়টায় বিয়ানীবাজার উপজেলা সম্মেলনকক্ষে নদী ভাঙ্গণসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে দু:স্থ ও অসহায় পরিবারের মাঝে মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও ঢেউটিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এমপি এমরান আহমদ চৌধুরী।
উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাবিবা মজুমদারের সভাপতিত্বে এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ হীরন মিয়ার পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন- জেলা বিএনপি নেতা এনাম উদ্দিন, বিএনপি নেতা সরওয়ার হোসেন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক দৌলা হোসেন সুভাষ ও যুগ্ম-আহবায়ক সাব্বির আহমদ প্রমুখ।