হাদি হত্যাকাণ্ডের তদন্ত ও বিচার সহায়তায় বিশেষ প্রসিকিউটর এডভাইজর নিয়োগ
অ্যাটর্নি জেনারেল সমমর্যাদায় দায়িত্ব পেলেন অ্যাডভোকেট এহসানুল হক সমাজী
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য সংসদ সদস্য শহীদ শরিফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের তদন্ত ও বিচার কার্যক্রমে প্রয়োজনীয় আইনি সহায়তার জন্য অ্যাটর্নি জেনারেল সমমর্যাদায় একজন স্পেশাল প্রসিকিউটর এডভাইজর নিয়োগ দিয়েছে সরকার।
এ লক্ষ্যে প্রবীণ আইনজীবী অ্যাডভোকেট এহসানুল হক সমাজীকে নিয়োগ দিয়ে সোমবার (২৯ ডিসেম্বর) একটি প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
হত্যাকাণ্ডের প্রেক্ষাপট
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, গত ১২ ডিসেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণাকালে ইনকিলাব মঞ্চের নেতা ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী শরিফ ওসমান বিন হাদি আততায়ীর গুলিতে গুরুতর আহত হন। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে নেওয়া হলে ১৮ ডিসেম্বর চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।
মামলা ও তদন্তের অগ্রগতি
হাদির গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ঢাকা মহানগরীর পল্টন থানায় একটি মামলা দায়ের করা হয়।
মামলা নম্বর— ১৯,
রুজুর তারিখ— ১২ ডিসেম্বর।
বর্তমানে মামলাটির তদন্ত কার্যক্রম ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)-এর অধীনে চলমান রয়েছে। বিষয়টির গুরুত্ব বিবেচনায় দ্রুত তদন্ত কার্যক্রম গ্রহণ করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।
বিচার প্রক্রিয়ায় আইনি সহায়তা
প্রজ্ঞাপনে আরও বলা হয়, পল্টন থানায় রুজুকৃত মামলাটির তদন্ত চলাকালে তদন্ত কর্মকর্তা ও তদন্তসংশ্লিষ্টদের এবং পরবর্তী সময়ে বিজ্ঞ আদালতে বিচার চলাকালে প্রসিকিউশন টিমকে প্রয়োজনীয় আইনি পরামর্শ দেওয়ার জন্য অ্যাডভোকেট এহসানুল হক সমাজীকে দায়িত্ব প্রদান করা হয়েছে।
তার এই নিয়োগ রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেলের সমমর্যাদার, ফলে তিনি অ্যাটর্নি জেনারেলের সমপর্যায়ের সুযোগ-সুবিধা ভোগ করবেন বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।